
চীনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে প্রতিবেশীর হাজারো মুরগি মারার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। চায়না ডেইলি ও নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন এই তথ্য জানায়।
ঘটনাটি ঘটেছে চীনের হুনান প্রদেশে। গত মঙ্গলবার প্রদেশটির হেংইয়াং কাউন্টির একটি আদালত এই রায় ঘোষণা করেন।
খবরে বলা হয়, সাজা পাওয়া ব্যক্তির ডাকনাম গু। তাঁর ক্ষতিগ্রস্ত প্রতিবেশীর নাম ঝং। প্রতিবেশী ঝংয়ের ওপর প্রতিশোধ নেওয়ার অংশ হিসেবে তাঁর খামারের মুরগি মেরেছিলেন গু।
২০২২ সালের এপ্রিল থেকে দুজনের মধ্যে বিরোধ চলে আসছিল। গাছ কাটাকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয়েছিল। অনুমতি ছাড়াই গুয়ের গাছ কেটেছিলেন ঝং। এতে ক্ষুব্ধ হন গু।
চায়না ডেইলির খবর অনুযায়ী, ক্ষুব্ধ হয়ে গু তাঁর প্রতিবেশী ঝংয়ের মুরগির খামারে যান। তিনি খামারের মুরগিকে ভয় দেখাতে একটি ফ্ল্যাশলাইট ব্যবহার করেন। এতে খামারের মুরগি আতঙ্কিত হয়ে পড়ে। মুরগিগুলো খামারের এক কোণে চলে যায়। তারা একে অপরকে হত্যা করে।
এ ঘটনায় ৪৬০টি মুরগি মারা যায়। পরে গুকে গ্রেপ্তার করে পুলিশ। মুরগি মারার জন্য খামারের মালিক ঝংকে তিন হাজার ইউয়ান জরিমানা দিতে গুকে নির্দেশ দেয় পুলিশ। এতে ঝংয়ের প্রতি গুয়ের ক্ষোভ আরও বেড়ে যায়। তিনি প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন। দ্বিতীয় দফায় তিনি ঝংয়ের খামারে হানা দেন। একইভাবে তিনি আরও ৬৪০টি মুরগি মেরে ফেলেন।
চীনা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, যে ১ হাজার ১০০টি মুরগি মারা গেছে, তার দাম প্রায় ১৩ হাজার ৮৪০ ইউয়ান (১ ইউয়ান ১৫ টাকা হিসাবে ২ লাখ ৭ হাজার ৬০০ টাকা)।
হেংইয়াং কাউন্টির আদালত রায়ে বলেন, গু ইচ্ছাকৃতভাবে ঝংয়ের সম্পদের ক্ষতিসাধন করেছেন। আদালত তাঁকে এক বছরের প্রবেশনসহ ছয় মাসের কারাদণ্ড দেন।