চীনামাটির বাটি বিক্রি ২৬৩ কোটি টাকায়

চিত্রকর্ম করা চীনামাটির বাটি
ছবি: সংগৃহীত

চীনামাটির তৈরি একটি বাটির দাম কত হতে পারে? অনেকের কাছে এ ধরনের বাটির দাম খুব বেশি মনে না–ও হতে পারে। তবে চীনে সম্প্রতি চীনামাটির তৈরি বিলাসবহুল একটি সাড়ে চার ইঞ্চি ব্যাসের বাটি বিক্রি হয়েছে ২৬২ কোটি ৭৮ লাখ টাকায় (আড়াই কোটি মার্কিন ডলারে)। এ বাটির বৈশিষ্ট্য হচ্ছে এর গায়ে আঁকা চিত্রকর্ম। নিলামকারী প্রতিষ্ঠান সথবিস হংকংয়ে শিল্পকর্ম বিক্রির এক নিলামে চীনামাটির বাটিটি রেকর্ড দামে বিক্রি করেছে।

সথবিস বলেছে, বাটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন নিদর্শন। ১৮ শতকে বেইজিংয়ের রাজকীয় কারখানায় বিরল সিরামিক ব্যবহার করে এটি তৈরি করা হয়। বাটিটি তৈরির সম্ভাব্য সময়কাল ১৭২২ থেকে ১৭৩৫ খ্রিস্টাব্দ। ওই সময় ছিল সম্রাট ইয়ংজেং–এর শাসনামল। এটি ‘ফালাংকাই’ বা বিদেশি রং নামে পরিচিত একটি ঐতিহ্যের অংশ। বেইজিংয়ের বিখ্যাত ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত প্রাচীন শহরটির কারিগরদের হাতে তৈরি হয়েছিল বাটিটি।

গত শনিবার হংকংয়ের নিলামে বিক্রি হওয়া বাটিতে দুটি সোয়ালো পাখি, প্রস্ফুটিত অ্যাপ্রিকট ও উইলো গাছের চিত্রকর্ম ফুটে উঠেছে। বাটির এ নকশায় ইয়ংজেংয়ের মিং রাজবংশের পূর্বসূরি ওয়ানলি সম্রাটের কবিতার অংশ তুলে ধরা হয়েছে।

সিরামিক বিশেষজ্ঞ রেজিনা ক্রাল বলেন, ইয়ংজেং যুগে পাখি ও ফুলের প্রসঙ্গ তুলে ধরার প্রথা জনপ্রিয় ছিল। চীনামাটির বাসনের ওপর প্রাচীন চিত্রকলার বিষয়টি ফুটিয়ে তোলার প্রাচীন নিদর্শনের অন্যতম একটি উপাদান এ বাটি। যে ধরনের শিল্পকর্ম ওই বাটিতে তুলে ধরা হয়েছে, তা বেইজিংয়ে খুব স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়েছিল।