অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের সমুদ্রতীরবর্তী শহর ড্রোমানায় গত শুক্রবার হঠাৎ করেই রাস্তায় যান চলাচল থমকে যায়। না, রাস্তার মাঝখানে কোনো গাড়ি বিকল হয়নি বা কোনো দুর্ঘটনাও ঘটেনি। রাস্তার মাঝখানে রাজত্ব শুরু করেছিল এক অপ্রত্যাশিত অতিথি। সে অতিথি হলো, সমুদ্র থেকে উঠে আসা একটি ঘুমকাতুরে সিল। স্থানীয় কেউ কেউ তাকে আদর করে ডাকেন ‘স্যামি’।
ঘুমকাতুরে সামুদ্রিক প্রাণী সিলকে সাধারণত সমুদ্রতীরে রোদ পোহাতে পোহাতে ঘুমাতে দেখা যায়। কিন্তু এদিন সে যেন সব নিয়ম ভেঙে একেবারে গাড়ি চলাচলের রাস্তায়ই ঘুমিয়ে পড়েছিল। গাড়ির হর্ন বা মানুষের কোলাহল—কোনো কিছুতেই তার ঘুম ভাঙছিল না।
ঘটনাটি প্রথম চোখে পড়ে স্থানীয় বাসিন্দা লরা এলেনের। তিনি হাসতে হাসতে বলেন, ‘সে সাধারণত সারা দিনই ঘুমায়। কিন্তু তাকে রাস্তায় ঘুমাতে দেখে আমার হাসি পেয়েছে। এমনটা আগে কখনো দেখিনি। ও কোথায় কখন চলে আসে, কেউ জানে না।’
ঘটনার পর স্থানীয় পুলিশ এসে সেখানকার যান চলাচল সাময়িকভাবে অন্য পথে ঘুরিয়ে দেয়। স্যামি তখনো রোদে গা এলিয়ে দিব্যি ঘুমাচ্ছিল।
পরে বন্য প্রাণী উদ্ধারের কাজে নিযুক্ত কর্মীরা এসে ধীরে ধীরে সিলটিকে নিরাপদে আবার সমুদ্রসৈকতের দিকে ফিরিয়ে নেন। এরপর রাস্তাটি আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
ভিক্টোরিয়ার উপকূলে সিল দেখা খুব সাধারণ ঘটনা। তবে কর্তৃপক্ষ বলেছে, এদের স্পর্শ করা বা খাবার দেওয়া আইনত নিষিদ্ধ।
অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেলবোর্নের পোর্ট ফিলিপ বে-ঘেঁষা উপকূলীয় এলাকার মানুষদের মাঝেমধ্যেই সিলের কারণে বিড়ম্বনায় পড়তে হয়।
স্থানীয় লোকজন বলেছেন, গত কয়েক বছরে ‘হেনরি’ নামে পরিচিত এক বিশাল এলিফ্যান্ট সিলকে ব্লেয়ারগোরি ও পয়েন্ট লন্সডেল এলাকায় একাধিকবার দেখা গেছে। একবার তো পয়েন্ট লন্সডেলের একটি পেট্রল স্টেশনের জানালার কাচ ভেঙে দিয়ে সে বেশ আলোচনার জন্ম দেয়।
‘গ্রাম্পি’ নামে পরিচিত একটি ফার সিলও স্থানীয় বাসিন্দাদের বিড়ম্বনায় ফেলেছে। গত ডিসেম্বরে ব্লেয়ারগোরিতে বার্ষিক নৌকা প্রতিযোগিতা চলার সময় সে হঠাৎ এসে হাজির হয় এবং কয়েকটি নৌকার যাতায়াতের পথ আটকে দেয়। এতে প্রতিযোগিতা সাময়িকভাবে বিঘ্নিত হয়।