চন্দ্রপৃষ্ঠে নামতে ব্যর্থ প্রথম বাণিজ্যিক মহাকাশযান

হাকুতো-আর মিশন-১ মহাকাশযানে থাকা ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে অবতরণ করলে কেমন দেখা যেত তা এঁকেছিলেন শিল্পী
ছবি: আইস্পেসের সৌজন্যে

চাঁদের পৃষ্ঠে সফলভাবে অবতরণ করতে পারেনি প্রথম বাণিজ্যিক মহাকাশযান হাকুতো-আর মিশন-১। এটি পাঠিয়েছিল জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান আইস্পেস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগে মহাকাশযানটিতে থাকা ল্যান্ডারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সম্ভবত, সেটি চন্দ্রপৃষ্ঠে বিধ্বস্ত হয়েছে।  

আইস্পেস আরও জানিয়েছে, মহাকাশযান থেকে ল্যান্ডারটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময়ে এর উচ্চতা পরিমাপক ব্যবস্থা চন্দ্রপৃষ্ঠের দূরত্ব নিয়ে ভুল হিসাব কষেছিল। প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা রিও উজিই বলেন, ‘মহাকাশযানে থাকা ল্যান্ডারটি নিয়ন্ত্রণহীনভাবে চন্দ্রপৃষ্ঠে পড়েছে বলে মনে হচ্ছে। জ্বালানিও শেষ হয়েছিল।’    

এর মধ্য দিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো কোনো বাণিজ্যিক চন্দ্রাভিযান ব্যর্থ হলো। এর আগে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি স্টারশিপ রকেট চন্দ্রাভিযানের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিস্ফোরিত হয়। এ পর্যন্ত সরকারিভাবে অভিযান হলেও এখনো কোনো বাণিজ্যিক চন্দ্রাভিযান সফল হয়নি।

চাঁদে সফলভাবে মহাকাশযান পাঠাতে সক্ষম হয়েছে মাত্র তিনটি দেশ। দেশ তিনটি হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। তবে এসব দেশের পক্ষ থেকে পাঠানো মিশনগুলো ছিল সরকারি এবং অভিযানও চালিয়েছিল সরকারি প্রতিষ্ঠান। আইস্পেস সফল হলে চাঁদে বাণিজ্যিক অভিযান নিয়ে নতুন যুগের সূচনা হতো।

আইস্পেসের প্রধান নির্বাহী কর্মকর্তা তাকেশি হাকামাদা বলেছিলেন, তাঁদের এই চন্দ্রাভিযান সফল হলে চাঁদে একের পর বাণিজ্যিক মিশন শুরুর পথ তৈরি হবে। তিনি এ-ও বলেন, ‘এটা হতে যাচ্ছে বড় পরিবর্তন। এতে ভবিষ্যতে বেসরকারি প্রতিষ্ঠান, এমনকি ছোট দেশগুলোর জন্য চন্দ্রাভিযানের আরও সুযোগ তৈরি হবে।’

আইস্পেস চাঁদে তাদের মহাকাশযান হাকুতো-আর মিশন-১ পাঠিয়েছিল স্পেসএক্সের তৈরি ফ্যালকন-৯ রকেটে করে। রকেটটি গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে উড্ডয়ন করে। চাঁদের উত্তর গোলার্ধে অবতরণ করে দুটি পেলোড বা স্যাটেলাইট মোতায়েন করার কথা ছিল এটির।

মহাকাশযানটিতে থাকা ল্যান্ডারটির উচ্চতা ছিল ২ মিটার, ওজন ৩৪০ কেজি। এর আগে চাঁদে পাঠানো মহাকাশযানগুলোর তুলনায় এটি ছিল অনেক ছোট। তবে প্রয়োজনীয় সবই ছিল। মনুষ্যবিহীন মহাকাশযানটিতে থাকা ল্যান্ডারটির মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা ছিল।

মহাকাশযানটির ল্যান্ডারে ছিল দুই চাকার একটি রোবট, যেটি একটি টেনিস বলের সমান। রোবটটি তৈরি করেছিল জাপানি রোবট নির্মাতা কোম্পানি আইস্পেস। আরও ছিল একটি রোভার, যেটি তৈরি হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। মহাকাশযান সফলভাবে অবতরণ করতে পারলে এগুলো চন্দ্রপৃষ্ঠে মোতায়েন করা হতো।