রাশিয়ার ত্রাণসামগ্রী বহনকারী শতাধিক ট্রাক ইউক্রেন সীমান্তের পথে রয়েছে। চূড়ান্ত গন্তব্য নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষাপটে যানগুলোর বহর ধীরগতিতে ইউক্রেনের দিকে এগিয়ে চলেছে। পাশ্চাত্যের আশঙ্কা, মানবিক ত্রাণ-সহায়তার আড়ালে রাশিয়া আসলে ইউক্রেনে অস্ত্র-সরঞ্জাম পাচারের কাজে ব্যবহার করবে ট্রাকগুলো। খবর বিবিসির।
দৃশ্যত ট্রাকগুলো রাশিয়ার রোস্তভ নগরের দিকে এগিয়ে যাচ্ছে। পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের অধিকৃত এলাকার কাছে অবস্থিত এ নগরটি।
আন্তর্জাতিক রেডক্রসের (আইসিআরসি) একজন কর্মকর্তা রাশিয়ার ত্রাণ সাহায্যের বিষয়টি নিয়ে আলোচনা করতে একে একে কিয়েভ ও মস্কো সফর করছেন।
আইসিআরসি বলছে, রাশিয়া ও ইউক্রেনকে সীমান্ত পারাপারের খুঁটিনাটি বিষয়গুলো ঠিক করতে হবে।