ডয়চে ভেলের বাংলা বিভাগের সামনে দুই সংগঠনের বিক্ষোভ

বার্লিনের ফলটা সড়কে ডয়চে ভেলের কার্যালয়ের সামনে বাংলাদেশ সিভিল সোসাইটি ইন ইউরোপের মানববন্ধন
ছবি: প্রথম আলো

জার্মানির রাজধানী বার্লিনে ডয়চে ভেলে বাংলা বিভাগের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ সিভিল সোসাইটি ইন ইউরোপ এবং জার্মানি আওয়ামী লীগ। আজ সোমবার বার্লিনের ফলটা সড়কে ডয়চে ভেলের কার্যালয়ের সামনে পরপর দুটি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়। দুটি সংগঠন বলেছে, ডয়চে ভেলে বাংলা বিভাগের বাংলাদেশবিরোধী তৎপরতার বিরুদ্ধে তাদের এই বিক্ষোভ।

সমাবেশে ইউরোপের বেশ কয়েকটি দেশ এবং জার্মানির বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশের বিজ্ঞানী, গবেষক, আইনজীবী, প্রকৌশলী ও সাংবাদিকদের নিয়ে গঠিত বাংলাদেশ সিভিল সোসাইটি ইন ইউরোপ। এ সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত বক্তব্যে বলা হয়েছে, ‘আমরা দীর্ঘদিন থেকে লক্ষ করছি, ডয়চে ভেলের মতো জার্মানির একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে বাংলাদেশবিরোধী অপতৎপরতা চালানো হচ্ছে।’  

প্রতিবাদপত্রে বলা হয়, ‘ডয়চে ভেলের অনুষ্ঠানবিষয়ক কার্যপ্রণালি বিধিতে পরিষ্কার করে বলা হয়েছে, তাদের অনুষ্ঠানগুলো অবশ্যই জনগণের স্বাধীন মতামত তৈরিতে সহায়তা করবে এবং একতরফাভাবে কোনো দল বা রাজনৈতিক, ধর্মীয় সম্প্রদায়, পেশাজীবী বা বিশেষ কোনো সম্প্রদায়কে সমর্থন করবে না বা উসকে দেবে না। প্রতিবেদনগুলো যথেষ্ট স্বচ্ছ, বাস্তবসম্মত ও সত্য হতে হবে। এ ছাড়া ডয়চে ভেলে এমন কোনো অনুষ্ঠান করবে না, যাতে জার্মানির সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কে প্রভাব ফেলে।’  

সমাবেশে বলা হয়, ‘সম্প্রতি ডয়চে ভেলে ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ইংরেজি ও বাংলায় “হাউ এলিট ফোর্সেস র‌্যাব টেরোরাইজ দ্য পিপল অব বাংলাদেশ” শিরোনামের একটি তথ্যচিত্র প্রকাশ করেছে। তথ্যচিত্রটিতে অনেক বিতর্কিত বিষয়, ভুল তথ্য এবং সাংঘর্ষিক বিষয় রয়েছে, যা ডয়চে ভেলের মৌলিক নীতিবিরুদ্ধ।’

বাংলাদেশ সিভিল সোসাইটি ইন ইউরোপের পক্ষ থেকে বক্তারা বলেন, মার্কিন মূল্যায়নে র‌্যাবের সাম্প্রতিক কর্মকাণ্ডে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে এই আন্তরিক প্রচেষ্টার প্রমাণ মেলে। কিন্তু ডয়চে ভেলে বাংলা বিভাগের সাম্প্রতিক প্রতিবেদনে তা ইচ্ছাকৃতভাবে উল্লেখ করা হয়নি। কিছু রাজনৈতিক দলের স্বার্থের ভিত্তিতে ডয়চের এই রিপোর্ট পক্ষপাতদুষ্ট।

বাংলাদেশ সিভিল সোসাইটি ইন ইউরোপের পক্ষ থেকে আরও বলা হয়, অবিলম্বে ডয়চে ভেলে বাংলা বিভাগ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ না করলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ডয়চে ভেলের বার্লিন কার্যালয়ের সামনে অপর একটি সমাবেশে জার্মানি আওয়ামী লীগের পক্ষ থেকে অপর একটি প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, ডয়চে ভেলে বাংলা বিভাগের অনুষ্ঠানগুলোতে বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। জার্মানির জনগণের করের অর্থায়নে পরিচালিত এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কর্মরত কিছু ব্যক্তি, তাঁদের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ ও মতামত ডয়চে ভেলের মাধ্যমে প্রচার করছেন। ডয়চে বাংলা বিভাগ ক্রমাগতভাবে অনেকগুলো নেতিবাচক প্রতিবেদন তৈরি করছে, যা বর্তমান বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস।

সমাবেশ জার্মানি আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান বলেন, জার্মানির মতো একটি গণতান্ত্রিক দেশের প্রচারযন্ত্রের নিয়মবিধি না মেনেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে। জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বলেন, ‘জার্মানির মতো দেশ থেকে বাংলাদেশবিরোধী অপপ্রচার বন্ধে আমাদের সবার সজাগ থাকতে হবে।’