গৃহহীনদের পাশে প্রিন্স উইলিয়াম

প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস উইলিয়াম ও কেট মিডলটন
ছবি: রয়টার্স

গৃহহীনদের পাশে দাঁড়াতে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প চালু করেছেন প্রিন্স উইলিয়াম। যুক্তরাজ্যে গৃহহীনের সংখ্যা কমিয়ে আনাই এ প্রকল্পের উদ্দেশ্য। আজ সোমবার প্রকল্পটি চালু করা হয়েছে। এর আওতায় থাকবে দেশটির ছয় এলাকা।

প্রিন্স উইলিয়ামের এ প্রকল্পে ব্যয় করা হবে ৩০ লাখ পাউন্ড। এ অর্থ আসবে তাঁর নিজস্ব দাতব্য সংস্থা ‘রয়্যাল ফাউন্ডেশন’-এর তহবিল থেকে। প্রকল্পটি নিয়ে প্রচার-প্রচারণা চালাতে আজ ও আগামীকাল মঙ্গলবার যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা সফর করার কথা উইলিয়ামের। এ সময় গৃহহীনদের নিয়ে কাজ করা বিভিন্ন পক্ষের সঙ্গে কথাও বলবেন তিনি।

রয়্যাল ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে তিন লাখের বেশি মানুষ বাধ্য হয়ে বিভিন্ন অস্থায়ী জায়গা, হোস্টেল, গাড়ি ও আত্মীয়স্বজনের সঙ্গে থাকেন। এই মানুষগুলোর অর্ধেক শিশু। ফাউন্ডেশনের আশঙ্কা, যুক্তরাজ্যে দিন দিন জীবনযাপনের ব্যয় বৃদ্ধির কারণে গৃহহীনদের সংখ্যাও ভবিষ্যতে বাড়তে পারে।

প্রকল্পটি নিয়ে এক বিবৃতিতে প্রিন্স উইলিয়াম বলেছেন, ‘এটি একটি বড় কর্মকাণ্ড। তবে আমার দৃঢ় বিশ্বাস, একসঙ্গে কাজ করে আমরা গৃহহীনদের সংখ্যা কমিয়ে আনতে পারব।’

৪১ বছর বয়সী উইলিয়াম রাজা তৃতীয় চার্লসের বড় ছেলে। ব্রিটেনের রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী তিনি। আগে থেকেই গৃহহীনদের নিয়ে কাজ করছেন‍। তাঁর ভাষ্য, মা প্রিন্সেস ডায়ানার কাছ থেকে এ কাজের অনুপ্রেরণা পেয়েছেন তিনি। ১১ বছর বয়সেই মায়ের সঙ্গে গৃহহীনদের আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছিলেন তিনি। এ ছাড়া ২০০৯ সালের শীতকালে গৃহহীনদের সঙ্গে রাত কাটিয়ে আলোচনায় এসেছিলেন উইলিয়াম।