বিচিত্র

ইউক্রেনের জয়ে থামবে বাঁশি

ট্রমবোনে সুর তুলছেন দুদকিন
ছবি: এএফপি

রোদ বা বৃষ্টি—কোনোকিছুরই পরোয়া নেই ভ্যালেন্টাইন দুদকিনের। প্রতিদিন সকালে হাতে তুলে নেন প্রিয় ট্রমবোন (বিশেষ ধরনের বাঁশি)। এরপর ছড়িয়ে পড়ে সুর। এই সুর ইউক্রেনের জাতীয় সংগীতের। দুদকিন পণ করেছেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেন যত দিন জয় না পাচ্ছে, তত দিন ট্রমবোন বাজিয়ে যাবেন তিনি।

ভ্যালেন্টাইন দুদকিনের বয়স ৮০ বছর। বাড়ি ইউক্রেনের রাজধানী কিয়েভে। পড়াশোনা করেছেন পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি সংগীত বিদ্যালয়ে। তবে ৩০ বছরের বেশি সময় ট্রমবোন হাতে নেননি তিনি। ইউক্রেনে রুশ বাহিনীর হামলা তাঁকে আবার বাদ্যযন্ত্রটি বাজানোর অনুপ্রেরণা জুগিয়েছে।

ট্রমবোন বাজানোর সময় দুদকিনের পাশে থাকেন তাঁর ৮৩ বছর বয়সী স্ত্রী। থাকেন পড়শিরাও। দুদকিনের প্রশংসায় পঞ্চমুখ তাঁরা। এই যেমন কয়েক দিন আগে সকালে বৃষ্টি হচ্ছিল। সেদিনও তাঁর সুর শুনতে জড়ো হয়েছিলেন মানুষজন। দুই নারী মেলে ধরলেন ইউক্রেনের হলুদ–নীল পতাকা। তাতে লেখা, ‘ইউক্রেনের গৌরব, বীরদের গৌরব’!

উপস্থিত সবাই দুদকিনকে বললেন, ‘আপনি আমাদের উৎসাহ দিচ্ছেন। আপনি আমাদের আগের জীবনে ফিরিয়ে আনছেন।’

সেখানে ছিলেন স্থানীয় বাসিন্দা ভিতলানা নোভিকোভা। তিনি বলেন, ‘আমরা একে অপরের সঙ্গে পরিচিত হলাম। আর প্রতিদিন সকালে ভ্যালেন্টাইনের নেতৃত্বে জাতীয় সংগীত গাওয়ার সিদ্ধান্ত নিলাম। তিনি (দুদকিন) বলেছেন, জয় না পাওয়া পর্যন্ত আমরা গেয়ে যাব।’

দুদকিন ও তাঁর স্ত্রী—দুজনেরই অতীত কেটেছে দোনেৎস্কে। ট্রমবোন বাজানো শেষে বাড়ি ফিরে পুরোনো দিনগুলোর স্মৃতিচারণা করছিলেন দুদকিন। সে সময়ের কিছু সাদাকালো ছবি দেখালেন। বললেন, ‘আমরা সে সময় কতটাই না ভালো ছিলাম।’

দোনেৎস্কে ইউক্রেন বাহিনীর সঙ্গে মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই শুরু হয়েছিল ২০১৪ সালে। ওই লড়াই এই অঞ্চলের অনেকের জীবন তছনছ করে দিয়েছে। এরপর গত বছর রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর দোনেৎস্কের পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিধ্বস্ত হয়েছে এ অঞ্চলের কয়েকটি শহর।

দুদকিন দম্পতির ভাষ্যমতে, দেশ রক্ষার এই যুদ্ধে বাঁশি বাজিয়েই অংশ নিয়েছেন তাঁরা। দুদকিনের ভাষায়, ‘এটাকে (ট্রমবোন বাজানো) আমরা দায়িত্ব বলে মনে করি।’