ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেন থেকে চুরি করা খাদ্যশস্য কিনছে ইসরায়েল, অভিযোগ জেলেনস্কি

ইউক্রেন থেকে চুরি করা খাদ্যশস্য কিনছে ইসরায়েল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ অভিযোগ তুলেছেন।

জেলেনস্কি বলেন, রাশিয়া কর্তৃক দখল করা ইউক্রেনীয় ভূখণ্ড থেকে ‘চুরি করা’ শস্য ইসরায়েলের কেনা কোনোভাবেই ‘বৈধ ব্যবসা’ হতে পারে না।

এ পরিস্থিতি থেকে যারা মুনাফা করার চেষ্টা করছে, কিয়েভ তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে বলে জানান জেলেনস্কি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি বলেন, এ ধরনের শস্যবাহী আরও একটি জাহাজ ইসরায়েলের বন্দরে পৌঁছেছে এবং পণ্য খালাসের প্রস্তুতি নিচ্ছে। এটি বৈধ ব্যবসা নয় এবং হতেও পারে না।

এর আগে সোমবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিয়া জানান, রাশিয়া অধিকৃত ইউক্রেন থেকে আসা শস্যের চালান ইসরায়েলে প্রবেশের বিষয়ে দেশটির ‘নিষ্ক্রিয়তা’র অভিযোগে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।