
তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আগামী রোববার (১৪ মে)। এর আগে গত রোববার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারোগলুর একটি ভিডিও প্রকাশ করেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাজনৈতিক সমাবেশে ভিডিওটি প্রকাশ করে এরদোয়ান বলেন, ‘আমার জাতীয় ও আঞ্চলিক ভোটদাতারা কি এদের ভোট দেবেন?’
এই কথা বলে এরদোয়ান তাঁর পেছনে থাকা বড় পর্দার দিকে দেখান। কয়েক সেকেন্ড পর সেখানে কেমাল কিলিচদারোগলুর ছবি ভেসে আসে। একটু পর সেনার পোশাক পরা একজনকে দেখা যায়। তিনি মুরাত কারেইলান। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের প্রতিষ্ঠাতা। তিনি নাকি কেমালের জনসভায় গিয়ে তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র পিকেকেকে জঙ্গি সংগঠন বলেছে।
এরদোয়ানের দেখানো এই ভিডিও কি ঠিক? পিকেকে নেতা কি বিরোধী প্রার্থীর সভায় এসে সমর্থন জানিয়েছিলেন? ডয়চে ভেলের ফ্যাক্ট চেকের ফল বলছে, ভিডিওটি সঠিক নয়। ডয়চে ভেলের মূল ফ্যাক্ট চেক টিম এবং তুরস্কে কর্মরত টিম মিলে পরীক্ষা করে দেখেছে, দুটি আলাদা ভিডিওকে জোড়া দেওয়া হয়েছে। দুটি ভিডিও আলাদা জায়গায় নেওয়া, তাদের ব্যাকগ্রাউন্ডও আলাদা।
ডয়চে ভেলের তুরস্ক সার্ভিসের পেলিন কুর্তুলুস বলেন, বিশেষজ্ঞরা আগে থেকেই বারবার বলছিলেন, ‘ভোটের আগে কারসাজি করা ভিডিওতে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম। টুইটার ও অন্য জায়গায় ভুয়া নিউজ প্রচার করা হচ্ছে।’
প্রথম ভিডিওটি কিলিচদারোগলুর প্রচারের ভিডিও। তাঁর ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আছে। রাজনৈতিক বিজ্ঞাপন যে ধরনের হয়, এটা তেমনই। তিনি সেখানে মানুষকে ভোট দিতে বলছেন। কিন্তু সেখানে পিকেকে নেতার কোনো ছবি নেই।
অন্যদিকে এরদোয়ান যে ভিডিওটি দেখিয়েছেন, তা সম্পাদনা করা হয়েছে। মূল ভিডিওর ক্লোজআপ নেওয়া হয়েছে। কেমাল কিলিচদারোগলুর আসল ভিডিওর ৩৭ সেকেন্ড থেকে ফুটেজটি নেওয়া হয়েছে। সেখানে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী এই প্রার্থী মানুষকে বলছেন, ‘আসুন, আমরা একসঙ্গে ভোট দিই।’ তাঁর পেছনে তরুণেরা দাঁড়িয়ে আছেন।
দ্বিতীয় যে ভিডিওটি এখানে ব্যবহার করা হয়েছে, তা অনেক পুরোনো। অনলাইনে খুঁজলেই পিকেকে নেতার সামরিক পোশাক পরা ছবি পাওয়া যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পিকেকে নেতা তিন দশক ধরে সশস্ত্র লড়াইয়ের কথা বলছেন। কুর্দদের সংস্থা ফিরাত নিউজ এজেন্সিতে এটা প্রথম প্রকাশিত হয়।
কিন্তু নির্বাচনী প্রচারে এরদোয়ান যে ভিডিও দেখিয়েছেন, তাতে কারসাজি করে দুটি ভিডিওকে জোড়া দেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছে, পিকেকে নেতা বিরোধী প্রার্থীকে সমর্থন করছেন। এককথায়, এরদোয়ান যে ভিডিও দেখিয়েছেন, তাতে দুটি ভিডিওর ফুটেজ জোড়া দেওয়া হয়েছে। তারপর সেটা সম্পাদনা করে একটা ফিল্ম বানানো হয়েছে।
তুরস্কের কিছু বিশেষজ্ঞ বলেছেন, কৃত্রিম মেধা ব্যবহার করে এটা তৈরি করা হয়েছে। কিন্তু সেটা সত্যি বলে মনে হয় না।
কুর্তুলুস বলছেন, ‘রক্ষণশীল ও জাতীয়তাবাদীদের কাছ থেকে ভোট পাওয়ার জন্য এরদোয়ান এই কারসাজি করা ভিডিও ব্যবহার করছেন।’ প্রেসিডেন্ট এরদোয়ানের গণমাধ্যম বিভাগ ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য করেনি।
এবারের নির্বাচনে এরদোয়ান জিতবেনই এমন কথা বলা যাচ্ছে না। ভোটের সমীক্ষা বলছে, তিনি বিরোধী প্রার্থীর থেকে পিছিয়ে আছেন।