ইতালি এখনো বাধ্যতামূলক যৌনশিক্ষার বিরুদ্ধে

ইতালিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে শ্রেণিকক্ষে যৌনশিক্ষা এখনো বাধ্যতামূলক নয়
ছবি: ফাইল ছবি রয়টার্স

ইউরোপের বেশির ভাগ দেশেই যৌনশিক্ষা বাধ্যতামূলক। তবে হাতে গোনা কয়েকটি দেশ এখনো এই শিক্ষাকে পাঠক্রমভুক্ত করার বিপক্ষে। এসব দেশের অন্যতম ইতালি। ৪৮ বছর ধরে চেষ্টা চলছে, কিন্তু কোনো কাজ হয়নি।

ইতালিতে যৌনশিক্ষাকে স্কুলের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার প্রথম জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছিল ১৯৭৫ সালে৷ তার পর থেকে ২০২১ সালের আগপর্যন্ত আরও অন্তত ১৪ বার একই দাবি তোলা হয়েছে৷ কিন্তু প্রতিবারই সরকার সে আবেদন প্রত্যাখ্যান করেছে বা আবেদনকারীদের অপেক্ষায় থাকার পরামর্শ দিয়েছে।

২০২১ সালে তখনকার সরকারের কাছে স্টেফানিয়া আসারি সর্বশেষ এ দাবি রেখেছিলেন। কিন্তু ফল একই। সরকারের জবাব—কেন্দ্রীয় সরকারের পক্ষে সারা দেশে যৌনশিক্ষা বাধ্যতামূলক করা সম্ভব নয়।

ইউরোপের যেসব দেশে বাধ্যতামূলক নয়

ইউরোপের দেশগুলোর মধ্যে শুধু যে ইতালিতেই যৌনশিক্ষা বাধ্যতামূলক নয়, তা নয়৷ আরও আটটি দেশে যৌনশিক্ষা এখনো পাঠক্রমের বাইরে। এসব দেশ হলো বুলগেরিয়া, পোল্যান্ড, রোমানিয়া, লিথুয়ানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া ও স্পেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে সুযোগ না থাকায় ইন্টেরনেটে...

জার্মানিসহ ইউরোপের বেশির ভাগ দেশেই স্কুল পর্যায়ে যৌনশিক্ষা বাধ্যতামূলক৷ যেসব দেশের শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যৌনতার ভালো-মন্দ জানতে পারছে না, সেসব দেশে শিক্ষার্থীরা ইন্টারনেটে প্রয়োজনীয় জ্ঞান লাভে প্রচুর সময় কাটাচ্ছে৷

মিলান বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল সায়েন্স বিভাগের সাইকোথেরাপিস্ট ও গবেষক আলবার্তো পেল্লাই বলেন, ইতালিতে শিশু-কিশোরদের এই প্রবণতা বেশ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছে৷ তাঁর কাছে অবশ্য শিশু-কিশোরদের যৌনতা সম্পর্কে ধারণা নিতে ইন্টারনেটের দিকে ঝুঁকে পড়া বড় কোনো সমস্যা নয়। বড় সমস্যা হলো, ইন্টারনেটে যৌনতা সম্পর্কে বিজ্ঞানসম্মত সঠিক তথ্য পাওয়া খুব কঠিন।

বেশির ভাগ ওয়েবসাইটে একেবারে মিথ্য বা অর্ধসত্য তথ্য পরিবেশন করা হয়ে থাকে, অনেক ক্ষেত্রে যৌনতাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা খুবই হিংস্র ও অমানবিক। এমন অবৈজ্ঞানিক জ্ঞান নিয়ে যৌনকর্ম করার কারণে অনেক শিশু-কিশোরের খুব অল্প সময়ের মধ্যে সেক্সুয়েলি ট্রান্সমিটেড ডিজিজ (এসটিডি), অর্থাৎ ক্লামিডিয়া ও সিফিলিসের মতো যৌনবাহিত রোগ হয়ে যায়।

ইতালিতে পাঠক্রমে যৌনশিক্ষা অন্তর্ভুক্ত করার বিষয়টি আঞ্চলিক সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বিশ্লেষকেরা মনে করেন, কেন্দ্রীয় সরকার সারা দেশে যৌনশিক্ষা বাধ্যতামূলক না করলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না৷ তাঁরা মনে করেন, যৌনশিক্ষার বিষয়টিকে পরিবার ও বাবা-মায়েদের ওপর ছেড়ে দেওয়া কোনো সমাধান নয়।

ইতালির সেক্সোলজি সেন্টারের (সিআইটেস) প্রোসিডেন্ট মারিয়া ক্রিস্টিনা ফ্লোরিনি মনে করেন, স্কুলগুলোয় শিক্ষকদের উচিত, শিক্ষার্থীদের সারা বছর ধরে যৌনশিক্ষা দেওয়া। কারণ, কোন শিক্ষার্থী কেমন, তা তাঁরা খুব ভালো জানেন।