ঈদে এবারও ছুটি পাচ্ছেন না যুক্তরাজ্যের রেস্তোরাঁকর্মীরা

ঈদুর ফিতরের দিন ছুটির দাবিতে লন্ডনে মানববন্ধন
ছবি: প্রথম আলো

যুক্তরাজ্যে বসবাসরত প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ প্রবাসী বাংলাদেশি রেস্তোরাঁশিল্পের সঙ্গে জড়িত। বাংলাদেশি মালিকানাধীন ২০ হাজারের মতো রেস্তোরাঁয় শেফ, কুক, ওয়েটার, ম্যানেজারসহ বিভিন্ন পদে তাঁরা কাজ করেন। প্রতিবারের মতো এবারও ঈদের ছুটি পাচ্ছেন না এসব রেস্তোরাঁকর্মী। এ বছর ঈদুল ফিতর সপ্তাহের শেষে (শুক্র অথবা শনিবার)। এ কারণে ঈদের ছুটি পাওয়া প্রায় অসম্ভব। তাই একরাশ কষ্ট ও হতাশা নিয়ে ঈদের নামাজ পড়েই কর্মস্থলে যেতে হবে রেস্তোরাঁকর্মীদের। পরিবার কিংবা আত্মীয়স্বজনদের সঙ্গে ভাগাভাগি হবে না ঈদের আনন্দ।

যুক্তরাজ্যের ঈদ উৎসব অনেকটা সর্বজনীন। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির প্রধানমন্ত্রী ভিডিও বার্তার মাধ্যমে রোজা ও ঈদের শুভেচ্ছা জানিয়ে আসছেন। এবার প্রথমবারের মতো লন্ডনের মেয়র সাদিক খান লন্ডনের কেন্দ্রস্থল পিকাডোলি সার্কাস ‘রামাদান মোবারক’ সাজে আলোকসজ্জিতও করেছেন। কিন্তু বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁয় কর্মীদের উৎসবের ছুটি দিতে রাজি নন রেস্তোরাঁমালিকেরা।

ফ্রেন্ডস হেল্পিং সোসাইটি নামের একটি সংগঠন ১০ বছর ধরে ঈদের দিন উৎসব উপভোগের জন্য ছুটির দাবি জানিয়ে আসছে। দাবির পক্ষে এর আগে ইস্ট লন্ডন মসজিদের সামনে ঈদের দিন মানববন্ধনও করেছে তারা। সংগঠনের সভাপতি শামীম আহমেদ প্রথম আলোকে বলেন, ঈদের ছুটি উৎসব উপভোগ একটি মানবিক দাবি। রেস্তোরাঁকর্মীরা সারা বছর মালিকদের সেবা দিয়ে আসছেন। একদিন রেস্তোরাঁ বন্ধ রেখে কর্মীদের ছুটি দিলে ব্যবসার কোনো ক্ষতি হবে না। বরং কর্মীরা ব্যাপক উৎসাহ নিয়ে আরও ভালোভাবে কাজ করতে পারবে। মালিক-শ্রমিক মিলে একসঙ্গে ঈদের আনন্দ উপভোগ করুক—এটাই চাওয়া।

এদিকে এক সপ্তাহ ধরে অনলাইন ও অফলাইনে ঈদের ছুটির দাবিতে প্রচার চালিয়ে আসছে লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘পত্রিকা’ ও ‘৫২বাংলা’ নামের দুটি সংবাদমাধ্যম। আন্দোলনের অংশ হিসেবে গত মঙ্গলবার টাওয়ার হ্যামলেটস টাউন হলের সামনে এবং বুধবার নিউহামের গ্রিন স্ট্রিটে ঈদের ছুটির দাবিতে সমাবেশ করেছে তারা।

৫২বাংলার সম্পাদক আনোয়ারুল ইসলাম (অভি) প্রথম আলোকে বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার তাগিদে ঈদের ছুটির দাবিতে আন্দোলন করছি। আমরা চাই রেস্তোরাঁশ্রমিকেরা ঈদের দিন ছুটি পাক, পরিবার–পরিজন নিয়ে ঈদ উৎসব করুক। এই দাবি বাস্তবায়নে মালিকদের সদিচ্ছাই যথেষ্ট।’

ঈদের দিন ছুটির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিটু চৌধুরী বলেন, ‘আমরাও মনে করি ঈদের দিন রেস্তোরাঁকর্মীদের ছুটি একটি যৌক্তিক দাবি। তবে হঠাৎ করে এক দিনের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দিলে ইন্ডাস্ট্রি ক্ষতির সম্মুখীন হতে পারে। বরং ধাপে ধাপে যে বছর সপ্তাহের মধ্যবর্তী সময়ে ঈদ হবে সেদিন রেস্তোরাঁগুলো বন্ধ রেখে ঈদের ছুটি দেওয়া যেতে পারে।’