প্রকৃতির কোলে অভিনব আর্থ হাউস

সুইজারল্যান্ডে মাটির নিচে তৈরি আর্থ হাউস
ছবি: টুইটার

মাটির নিচে ভবন। তবে আলো–বাতাসের অভাব নেই। শীতল পরিবেশ। আছে সবুজের সমারোহ। এমন বহুমুখী সুবিধা এনে দিচ্ছে ‘আর্থ হাউস’। সুইজারল্যান্ডের স্থপতি পেটার ভেচ ৫০ বছর ধরেই প্রকৃতির মধ্যে এমন বাড়িঘর তৈরি করে আসছেন। ইউরোপজুড়ে তিনি প্রায় ১০০টি ‘আর্থ হাউস’ তৈরি করেছেন।

এই স্থপতি কংক্রিট দিয়েই তাঁর আর্থ হাউস তৈরি করেন। অন্য স্থপতিরা সাধারণত প্রাকৃতিক উপাদানই বেশি ব্যবহার করেন। ভবন ও প্রকৃতির মধ্যে বিভাজন প্রায় চোখেই পড়ে না। সেগুলো প্রকৃতিরই অংশ হয়ে ওঠে।

পেটার বলেন, ‘যেমন এখানে ৫০ সেন্টিমিটার পুরু মাটির স্তর রয়েছে, ওপর দিকে ১ মিটার, ২০ সেন্টিমিটার পর্যন্ত ঢাকা রয়েছে। এর ফলে অনেক সবুজ অংশ পাওয়া যায়, অনেক কম অংশ সিল করতে হয়। আমরা আবার গাছপালার জায়গা তৈরি করতে পারি।’

এই নির্মাণপদ্ধতিতে অনেক কম উপাদানের প্রয়োজন হয় বলে উল্লেখ করেন পেটার ভেচ।

এমন ভবন সাধারণ জ্বালানি ব্যয়ের প্রায় দুই–তৃতীয়াংশ সাশ্রয় করে

স্থপতি গেয়ার্ড হানসেনও ৩০ বছর ধরে ‘আর্থ হাউস’ নির্মাণ করছেন৷ তিনি কংক্রিটের বদলে মাটির মোড়কে ঢাকা কাঠের মডিউল ব্যবহার করেন। গেয়ার্ড বলেন, ভবনটি আসলে ‘প্যাসিভ হাউস’ হিসেবে তৈরি করা হয়েছে। অর্থাৎ খুব ভালো জানালা, খুব ভালো ইনসুলেশনও রয়েছে। তবে মাটিও ভবনটির তাপমাত্রার ওপর বড় প্রভাব রাখে। নিচের দিকে ৪ মিটার ‘স্লোপ এমব্যাংকমেন্ট’ রয়েছে। ছাদের ওপর শুধু সবুজের স্তর নয়, বেশ পুরু মাটির স্তর রয়েছে। ফলে গ্রীষ্মকালে ভেতরে মনোরম শীতল পরিবেশ থাকে। আর শীতকালেও বেশি তাপ দেওয়ার প্রয়োজন হয় না। ঘর উষ্ণ রাখতে নামমাত্র খরচ হয়।

ঢিবির মধ্যে এমন ইনসুলেটেড ভবন সাধারণ জ্বালানি ব্যয়ের প্রায় দুই–তৃতীয়াংশ সাশ্রয় করে। সেই সঙ্গে মাটির স্তর বৃষ্টির পানি সংগ্রহ করে ভবনের কার্বন ফুটপ্রিন্টও কমিয়ে দেয়।

আনা ক্নর ছয় বছর ধরে সপরিবার এমন এক আর্থ হাউসে থাকছেন। প্রথম দেখায় তিনি সেই ভবনের প্রেমে পড়েছিলেন। ভবনটি ১০ মিটার চওড়া এবং মাটির নিচে শিকড় ও পানিনিরোধক বিশেষ মোড়ক দিয়ে ঢাকা। সামনে ও পেছন দিকে তিনটি করে কাচের স্তরের বিশাল জানালা রয়েছে।

আনা ক্নর মনে করিয়ে দেন, ‘খননের সময়ে যে মাটি তোলা হয়েছিল, সেগুলো ছাদের ওপর ছড়িয়ে তার ওপরটা সবুজ করে তুলেছি।’

আর্থ হাউসের মালিক আনা ক্নর বলেন, ‘নির্মাণের সময় বাসাটি কিছুটা অন্ধকার হবে ভেবে দুশ্চিন্তা হচ্ছিল। আমার মতে, আর্থ হাউস শব্দটি শুনলে সবার আগে মানুষের মনে সেই বিষয়টি ভেসে ওঠে। মনে হয় অন্ধকার ও বদ্ধ জায়গা। কিন্তু এখানে যথেষ্ট আলো আছে এবং ভবনটি স্বাভাবিকভাবেই প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত।’

আনা ক্নর আর্থ হাউসে থাকার একাধিক সুবিধা টের পাচ্ছেন। তবে এমন ভবনে একাধিক তলা রাখা সম্ভব নয়। কারণ, সে ক্ষেত্রে অ্যাঙ্গেল অত্যন্ত খাঁড়া হতো, তার ওপর মাটি ঢালা সম্ভব হতো না।