জলবায়ু পরিবর্তন রোধে অর্থায়নের অংশ হিসেবে উন্নয়নশীল দেশগুলোকে বকেয়া ১০ হাজার কোটি ডলার প্রদানের অঙ্গীকার করেছে ধনী দেশগুলো। পাশাপাশি জীববৈচিত্র্য ও বন সুরক্ষায় একটি তহবিল গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ কথা জানিয়েছেন।
প্যারিসে অনুষ্ঠিত ‘নিউ গ্লোবাল ফাইনান্সিং প্যাক্ট সামিটে’ চূড়ান্ত প্যানেল আলোচনায় বক্তব্য দেন মাখোঁ। এতে আফ্রিকার ২৪টি দেশসহ ৪০টি দেশের নেতারা অংশ নেন। নতুন বৈশ্বিক আর্থিক অ্যাজেন্ডাকে উৎসাহ দিতে চীনের প্রধানমন্ত্রী লি কেসিয়াং ও ব্রাজিলের প্রেসিডেন্ট ইনসানিও লুলা দা সিলভাও এতে অংশ নিয়েছিলেন।
গরিব দেশগুলোর প্রকৃত চাহিদার তুলনায় ১০ হাজার কোটি ডলারের প্রতিশ্রুতিকে অনেক কমই মনে করা হচ্ছে। এরপরও জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি পূরণে ধনী দেশগুলোর ব্যর্থতার বিপরীতে এটাকে প্রতীকী হিসেবেই দেখা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার বিশ্বব্যাংক জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে বিধি শিথিল করা হবে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ঘোষণা দিয়েছে, ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ১০ হাজার কোটি ডলার সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা তারা অর্জন করেছে।
এদিকে সম্মেলন সামনে রেখে জলবায়ু পরিবর্তন ও বৈষম্যের বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাতে বৃহস্পতিবার প্যারিসে একটি কনসার্টের আয়োজন করা হয়। এতে সংগীতশিল্পী বিলি আইলিশ ও লেনি ক্রাভিৎজের পাশাপাশি রাজনীতিক ও অধিকারকর্মীরা অংশ নেন।