কৃত্রিম মাংস নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। এবার কৃত্রিম পদ্ধতিতে তৈরি ‘মিট বল’ নিয়ে আলোচনা শুরু হয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে। নেদারল্যান্ডসের আমস্টারডামের বিজ্ঞানবিষয়ক জাদুঘর নেমো জানিয়েছে, তাদের হাতে একটি মিট বল এসেছে, যেটি কি না বিলুপ্ত একটি প্রাণীর ডিএনএ থেকে তৈরি।
গত মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন নেদারল্যান্ডসের গবেষকেরা। তবে এটা বলার সঙ্গে সঙ্গেই বল নিজের কোর্টে নিয়েছে অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান। দেশটিতে কৃত্রিম মাংস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভো জানিয়েছে, এই মিট বলটি তারা তৈরি করেছে। এটা মজা করার জন্য তৈরি করা হয়নি। তারা চায় কৃত্রিম পদ্ধতিতে তৈরি করা এ মাংস নিয়ে আলোচনা হোক। প্রাণী থেকে যে মাংস পাওয়া যায়, কৃত্রিম মাংস তার ভালো বিকল্প হতে পারে।
প্রাণিদেহ থেকে বায়োপসির মাধ্যমে কোষ সংগ্রহ করে গবেষণাগারে কোষ বিভাজনের মাধ্যমে বহু কোষের সৃষ্টি করা হয়। পরিবেশবিদেরা এভাবে উৎপাদিত মাংসকে কৃত্রিম মাংস বলছেন। গবেষকেরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, প্রাণী থেকে মাংস সংগ্রহের বদলে এমন মাংস ব্যবহার করা হলে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কম হবে। পরিবেশের ক্ষতি কমবে।
নতুন করে এই কৃত্রিম মাংস আলোচনায় আসার পর ভো-এর প্রতিষ্ঠাতা টিম নোয়াকেস্মিথ বলেন, ‘আপনি বর্তমানে পাচ্ছেন এমন যেকোনো কিছু থেকে আমরা ব্যতিক্রম কিছু তৈরি করতে চাই।’ তবে বিলুপ্ত বিশালাকার প্রাণী বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এই প্রাণী বিলুপ্ত হয়েছে বলে মনে করেন বিজ্ঞানীরা। এ জন্যই এমন প্রাণী বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তবে একটি প্রাণীর ডিএনএ থেকে কৃত্রিম উপায়ে এমন মাংস তৈরি করা হয়েছে, এমনটা নয়। ভো নামের ওই প্রতিষ্ঠান প্রথমে বিলুপ্ত বিশাল প্রাণীর ডিএনএ সংগ্রহ করেছে। এ সঙ্গে আফ্রিকা অঞ্চলের হাতির ডিএনএ যুক্ত করা হয়েছে। তবে টিম জানিয়েছেন, এই গবেষণা বা মাংস তৈরির জন্য কোনো প্রাণী হত্যা করা হয়নি।
যদিও সংকটটি অন্য জায়গায়। নতুন যে মিট বলটি তৈরি করা হয়েছে, তার গন্ধ কুমিরের মাংসের মতো।