রাশিয়ার মস্কোতে দেশটির সেনাবাহিনীর এক উচ্চপদস্থ জেনারেলকে পরপর কয়েকবার গুলি করা হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। গুলিতে ওই সেনা কর্মকর্তা আহত হয়েছেন।
আহত সেনা কর্মকর্তার নাম ভ্লাদিমির আলেক্সেয়েভ। তিনি রাশিয়ার সেনাবাহিনীতে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে দায়িত্বরত। মস্কো শহরের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত একটি আবাসিক ভবনে তিনি গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর অবস্থা এখন কেমন আছে, তা জানা যায়নি।
রাশিয়ার রাজধানী মস্কোতে একের পর এক হামলার শিকার হওয়া উচ্চপদস্থ রুশ সেনা কর্মকর্তাদের তালিকায় সর্বশেষ সংযোজন তিনি। প্রায় চার বছর আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরু হওয়ার পর থেকে একের পর এক রুশ সেনা কর্মকর্তাকে নিশানা করার ঘটনা ঘটছে।
রাশিয়ার তদন্ত কমিটির কর্মকর্তা সভেতলানা পেত্রেঙ্কো বলেছেন, আহত জেনারেলকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাচেষ্টার অভিযোগে একটি ফৌজদারি মামলা হয়েছে বলে জানিয়েছে কমিটি।
আলেক্সেয়েভ ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২২ সালে রাশিয়া মারিউপোল এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছিলেন।
২০২৩ সালের জুনে রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ইয়েভগেনি প্রিগোশিনের নেতৃত্বে একটি স্বল্পস্থায়ী বিদ্রোহ হয়েছিল। ওই বিদ্রোহ শুরু হওয়ার পর প্রিগোশিনের সঙ্গে আলোচনা করতে আলেক্সেয়েভকে পাঠানো হয়েছিল। তাঁর ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আছে।
আজ সকালে মস্কোর ভোলোকোলামস্ক হাইওয়ের একটি আবাসিক ব্লকে আলেক্সেয়েভকে গুলি করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানা যায়নি।
ইউক্রেন অতীতে বেশ কয়েকবার রাশিয়ার সেনা কর্মকর্তাদের ওপর হামলা চালানোর দাবি করেছে। রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, গত মাসের শেষ দিকে সেন্ট পিটার্সবার্গে একজন রুশ সেনার ওপর হামলা চালানোর চেষ্টা প্রতিহত করেছেন তাঁরা।
২০২৪ সালে মস্কোর একটি আবাসিক ভবনের বাইরে ইগর কিরিলভ নামের এক রুশ জেনারেলকে হত্যার দায়ে গত জানুয়ারিতে উজবেকিস্তানের এক নাগরিককে কারাবন্দী করা হয়। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউর দাবি, তারাই ওই হামলা চালিয়েছে।
২০২৫ সালের ডিসেম্বরে মস্কোতে গাড়ির নিচে রেখে দেওয়া বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়ে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হন। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, তিনি সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ বিভাগের দায়িত্বে ছিলেন।