
তুরস্কে দ্বিতীয় দফা নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত ৮৯ দশমিক ৮১ শতাংশ ভোট গোনা হয়েছে। এর মধ্যে ৫২ দশমিক ৭২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অন্যদিকে প্রধান বিরোধী জোটের নেতা কেমাল কিলিচদারওলু পেয়েছেন ৪৭ দশমিক ২৭ শতাংশ ভোট।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহর এক প্রতিবেদনে বলা হয়, রোববার তুরস্কে দ্বিতীয় দফা নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির ৬ কোটি ৪০ লাখের বেশি মানুষ। ভোট পড়েছে ৮৫ শতাংশের বেশি।
এর আগে ১৪ মে তুরস্কে প্রথম দফায় ভোট হয়। সেবার প্রেসিডেন্ট পদের জন্য কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন এরদোয়ান। এরপরই ছিলেন কিলিচদারওলু। তাঁর ভোট ছিল ৪৪ দশমিক ৮ শতাংশ।
রোববার ভোট দেওয়ার পর কেমাল কিলিচদারওলু বলেন, ‘দেশে সত্যিকারের স্বাধীনতা ও গণতন্ত্র ফিরিয়ে আনার এবং এই কর্তৃত্ববাদী শাসকের হাত থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আমি জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’ অন্যদিকে এরদোয়ান তাঁর সমর্থকদের আত্মতৃপ্তি নিয়ে ভোট দেওয়ার আমন্ত্রণ জানান।
২০১৪ সাল থেকে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এরদোয়ান। এর আগে ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। এবার নির্বাচনে জিতলে আরও পাঁচ বছর রাষ্ট্রপ্রধানের পদ ধরে রাখতে পারবেন তিনি।