রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ন্যাটোর নজিরবিহীন বিমান মহড়া

রাশিয়ার কাছ থেকে পুনর্দখলের পর ইউক্রেনীয় সেনাদের পতাকা নিয়ে বিজয় উদ্‌যাপন। গতকাল দেশটির দোনেৎস্কের স্তোরোঝেভ গ্রামে
 ছবি: রয়টার্স

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ সামনে রেখে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ইউরোপে এযাবৎকালের সবচেয়ে বড় ‘বিমানবাহিনী মোতায়েন মহড়া’ শুরু করেছে। গতকাল সোমবার জার্মানিতে শুরু হয় এই মহড়া। মিত্রদের মধ্যকার ঐক্য বাড়াতে ও রাশিয়ার মতো সম্ভাব্য হুমকির বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এই মহড়ার আয়োজন করা হয়েছে।

জার্মানির নেতৃত্বে শুরু হওয়া ‘এয়ার ডিফেন্ডার ২৩’ মহড়ায় ন্যাটো সদস্য ২৫টি দেশ এবং মিত্র জাপান ও সুইডেনের ২৫০টি সামরিক উড়োজাহাজ অংশ নেবে। সুইডেন ন্যাটোর সদস্য হওয়ার পথে রয়েছে। ২৩ জুন পর্যন্ত এই মহড়া চলবে।

ন্যাটো অঞ্চলে কোনো ধরনের হামলার ক্ষেত্রে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সুরক্ষায় আন্তবাহিনী সামরিক সরঞ্জাম ব্যবহারে দক্ষতা ও প্রস্তুতি বাড়ানোর উদ্দেশ্যে ১০ হাজারের বেশি সেনাসদস্য এই মহড়ায় অংশ নিচ্ছেন।

জার্মান বিমানবাহিনীর লে. জেনারেল ইঙ্গো গেরহার্টজ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘আমরা যে গুরুত্বপূর্ণ বার্তাটি দিচ্ছি, সেটা হলো আমরা নিজেদের রক্ষা করতে সক্ষম।’

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নেয়। এর প্রতিক্রিয়া হিসেবে ২০১৮ সালে ‘এয়ার ডিফেন্ডার’ মহড়ার উদ্যোগ নেওয়া হয়। যদিও গেরহার্টজ জোর দিয়ে বলেন, কাউকে উদ্দেশ্য করে এই মহড়া চালানো হচ্ছে না।

গেরহার্টজ বলেন, যেমন ধরুন, এই মহড়ার কোনো উড়োজাহাজকে কালিনগ্রাদের দিকে পাঠানো হবে না। কালিনগ্রাদ ন্যাটো সদস্য পোল্যান্ড ও লিথুনিয়ার সীমান্তবর্তী রাশিয়ার ছিটমহল। তিনি বলেন, ‘আমরা প্রতিরক্ষামূলক জোট এবং সেভাবেই মহড়ার পরিকল্পনা করা হয়েছে।’

এমন সময় ন্যাটো এই মহড়া চালাচ্ছে, যখন রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেন। পাল্টা হামলায় ইউক্রেনীয় বাহিনী ন্যাটো মিত্রদের দেওয়া ক্ষেপণাস্ত্র, ট্যাংক ও সাঁজোয়া যানসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করছে। এই হামলায় অংশ নেওয়া ১২টি ইউক্রেনীয় ব্রিগেডের মধ্যে নয়টির সেনাদেরই প্রশিক্ষণ দিয়েছে ন্যাটো।

চার গ্রাম পুনরুদ্ধারের দাবি কিয়েভের

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পাল্টা হামলা শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার দখল থেকে চারটি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। এর মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলে চতুর্থ গ্রামটি পুনরুদ্ধারের বিষয়টি গতকাল জানায় ইউক্রেন।

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, স্তোরোঝেভ গ্রামে ইউক্রেনের পতাকা ওড়াচ্ছেন সেনারা। পুনরায় গ্রামটির নিয়ন্ত্রণ নেওয়ায় ৩৫তম ‘সেপারেট ব্রিগেড অব মেরিনস’-এর সেনাদের অভিনন্দন জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ভিডিওটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্বাঞ্চলের তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইউক্রেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ব্লাহোদান্তে ও নেস্কুচনে এলাকায় ইউক্রেনীয় বাহিনী জয় উদ্‌যাপন করছে।

ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী জানান, ব্লাহোদান্তে ও নেস্কুচনের পাশাপাশি মাকারিভকা এলাকারও নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে।

গত শনিবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা শুরুর বিষয়টি নিশ্চিত করেছিলেন। গত কয়েক দিন পূর্ব ও দক্ষিণাঞ্চলে অগ্রসর হচ্ছিল ইউক্রেনীয় বাহিনী। তবে পরিকল্পিত এ পাল্টা হামলা শুরুর বিষয়ে এত দিন মুখ খুলছিল না ইউক্রেন কর্তৃপক্ষ।

ন্যাটোর দেশগুলোর যুদ্ধবিমানের সামরিক মহড়া। গতকাল জার্মানির একটি সামরিক বিমানঘাঁটিতে

হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি মস্কোর

এদিকে রাশিয়া বলেছে, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামে ইউক্রেনীয় বাহিনীর চালানো হামলা প্রতিহত করেছে রুশ বাহিনী। এর আগে এসব গ্রাম নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল কিয়েভ।

গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ভেলিকা নোভোসিলকার কাছে ইউক্রেনীয় বাহিনীর তিনটি হামলা ঠেকিয়ে দিয়েছে রুশ বাহিনী। পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের এই শহরে অগ্রসর হওয়ার দাবি করেছিল ইউক্রেনীয় বাহিনী।

এ ছাড়া ভেলিকা নোভোসিলকার ঠিক পশ্চিমে দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়ার লেভান্দে গ্রামের কাছেও ইউক্রেনীয় বাহিনীর হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

১৬ ব্র্যাডলি যুদ্ধযান হারাল ইউক্রেন

গত কয়েক দিনের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৬টি ব্র্যাডলি যুদ্ধযান হারিয়েছে ইউক্রেন। উন্মুক্ত গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ডাচ ওপেন সোর্স ইন্টেলিজেন্স ওয়েবসাইট ওরিক্সের জাকুব জানোভস্কির দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্রের দেওয়া ১৬টি ব্র্যাডলি পদাতিক যুদ্ধযান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত কিংবা পরিত্যক্ত হয়েছে। এটি ইউক্রেনকে দেওয়া ১০৯টি ব্র্যাডলি যুদ্ধযানের প্রায় ১৫ শতাংশ।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর পর থেকে ছবি ও ভিডিওর মাধ্যমে যুদ্ধক্ষেত্রে সামরিক সরঞ্জাম ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে আসছে ওরিক্স।