পুরোনো দিনের কিছু খুঁজে পাওয়াটা আনন্দের। হতে পারে তা চিঠি। তবে খরগোশের গর্তে প্রায় ৫০ বছরের পুরোনো চিঠি পাওয়ার কথা হয়তো মাথায়ও আসবে না কারও। যুক্তরাজ্যে কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে। চিঠিগুলো পেয়েছেন সেন কেনেডি (৩৯) নামের এক প্রকৌশলী।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের কাছে হেলস এলাকায় সম্প্রতি পরিদর্শনে গিয়েছিলেন সেন কেনেডি। সেখানেই খরগোশের একটি গর্তের ভেতরে হাতে লেখা কয়েকটি খাম দেখতে পান তিনি। খামের ভেতরে ছিল তিনটি চিঠি। ‘মিস জেন’ নামের এক নারীর কাছে ১৯৭৬ ও ১৯৮২ সালে পাঠানো হয়েছিল চিঠিগুলো।
সেন কেনেডি বলেন, ‘খরগোশের গর্তে মজার মজার জিনিস পাওয়া যায়। তবে সেগুলোর বেশির ভাগই অকাজের থাকে। তবে আমি গর্তের মধ্যে একটি হাতে লেখা চিঠি দেখলাম। ভাবলাম, আশ্চর্য তো। সেটি বের করে দেখি, এর নিচে আরও দুটি চিঠি রয়েছে।’
তবে গর্তের মধ্যে খরগোশ ওই চিঠিগুলো নিয়ে গেছে, এমনটা মানতে নারাজ এই প্রকৌশলী। তিনি বলেন, ‘যদি মানুষ বাদে কোনো প্রাণী চিঠিগুলো সেখানে রাখত, তাহলে সেগুলো ছড়িয়ে–ছিটিয়ে থাকত। চিঠিগুলো একসঙ্গে ছিল। তাই বলা চলে, চিঠিগুলো লুকিয়ে রাখা হয়েছিল। তবে তাতে আপত্তিকর কিছু লেখা নেই। সাধারণ চিঠির মতোই।’
চিঠিগুলোয় প্রাপক ও প্রেরকের ঠিকানা রয়েছে বলেও জানিয়েছেন সেন কেনেডি। তিনি চান সেগুলো আসল মালিকের কাছে পৌঁছে দিতে। তবে তাঁর শঙ্কা যাঁকে চিঠি পাঠানো হয়েছিল বা যিনি পাঠিয়েছিলেন, তাঁদের কেউই হয়তো বেঁচে নেই।
এদিকে খরগোশের গর্তে চিঠি পাওয়ার এ ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমেও তুলে ধরেছেন সেন কেনেডি। সেখানে চিঠিগুলো ব্যাপক সাড়া ফেলেছে। কেনেডি বলেন, ‘আমি সেগুলো আসল মালিকের কাছে পৌঁছে দিতে পারলে খুশি হব। এখন পর্যন্ত চিঠিগুলো রহস্যে মোড়া।’