স্টাডে শহরের ঘটনাস্থলে তদন্তকারীরা
স্টাডে শহরের ঘটনাস্থলে তদন্তকারীরা

জার্মানিতে গুলিবর্ষণে ৬ জন নিহত হওয়ার পেছনে অভিভাবকত্ব নিয়ে বিরোধ

জার্মানির নিডারজ্যাক্সেন অঙ্গরাজ্যের স্টাডে শহরে এক হামলায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় গতকাল সোমবার বিকালে তদন্তকারীরা বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।

সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে তদন্তকারীরা জানিয়েছেন, গতকাল তাঁর তিন মাস বয়সী কন্যাসন্তানের অভিভাবকত্ব (হেফাজত) নিয়ে একটি শুনানিতে উপস্থিত হওয়ার কথা ছিল। শুনানি চলাকালীন এ হামলার ঘটনা ঘটে।

পুলিশের তথ্য, গতকাল দুপুর ১২টার কিছু পর স্টাডে শহরের কেন্দ্রস্থলের ডাঙ্কারস্ট্রাসে সড়কে অবস্থিত সামাজিক সহায়তা কেন্দ্রে প্রথম গুলির শব্দ শোনা যায়। নিহত ব্যক্তিরা সবাই প্রতিষ্ঠানটির কর্মী।

বিভিন্ন সংবাদমাধ্যম প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জানায়, পুলিশ দ্রুত হামলাকারীদের ঘিরে ফেলে এবং তাঁরা যাতে গাড়িতে করে পালাতে না পারেন, সে জন্য গাড়ির টায়ারে গুলি করা হয়।

অভিযুক্ত ব্যক্তি ৪৫ বছর বয়সী। জন্ম জার্মানিতে। তাঁর বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কিছু তথ্য নথিভুক্ত ছিল। তবে তিনি এর আগে ‘চরম সহিংস ব্যক্তি’ হিসেবে পরিচিত ছিলেন না।

যে প্রতিষ্ঠানটিতে হামলা হয়, সেটি সমস্যাপূর্ণ সামাজিক পরিস্থিতিতে থাকা মা ও তাঁদের সন্তানদের জন্য একটি আবাসিক সহায়তা কেন্দ্র হিসেবে কাজ করে।

পুলিশ জানিয়েছে, সন্তানের হেফাজত নিয়ে বিরোধ থেকেই এ প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি ৪৫ বছর বয়সী। জন্ম জার্মানিতে। তাঁর বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কিছু তথ্য নথিভুক্ত ছিল। তবে তিনি এর আগে ‘চরম সহিংস ব্যক্তি’ হিসেবে পরিচিত ছিলেন না। এ ঘটনায় তদন্ত চলছে।

ল্যুনেবুর্গ পুলিশ অধিদপ্তরের প্রেসিডেন্ট ক্যাথরিন শুওল নিহত ছয়জনের স্বজনদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।

হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র কোথা থেকে এসেছে, তা এখনো জানা যায়নি। অভিযুক্ত ব্যক্তির অস্ত্র বহনের কোনো বৈধ অনুমতিও ছিল না।

জার্মানির ডের স্পিগেল পত্রিকা পুলিশের বরাতে বলেছে, সন্দেহভাজন ব্যক্তির গতকাল তাঁর কন্যার হেফাজতসংক্রান্ত এক বৈঠকে উপস্থিত থাকার ছিল। ঘটনার সময় শিশুটির মা ও সন্তান ওই সহায়তা কেন্দ্রে অবস্থান করছিলেন। হামলায় তাঁরা দুজনই অক্ষত রয়েছেন।

ছয়জন নিহত হওয়ার ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সদস্য, সরকারি কৌঁসুলি ও নিডারজ্যাক্সেনের স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েলা বেহরেন্স

পুলিশ, প্রসিকিউশন বিভাগ এবং নিডারজ্যাক্সেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডানিয়েলা বেহরেন্স-এর প্রতিনিধিরা এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। জানা গেছে, হামলার শিকার বেসরকারি প্রতিষ্ঠানটি হ্যানোভার জেলা প্রশাসনও ব্যবহার করে থাকে।

সন্দেহভাজন ব্যক্তি, তাঁর সন্তান ও শিশুটির মা—তিনজনই ওই জেলার বাসিন্দা। বর্তমানে শিশুটির মাকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তিনি ও তাঁর সন্তান নিরাপদ স্থানে রয়েছেন।

তদন্তকারী দল জানিয়েছে, নিহত ছয়জনই প্রাপ্তবয়স্ক এবং তাঁরা সবাই ওই প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন নারী।

গুলিবর্ষণের কিছুক্ষণ পরই সন্দেহভাজন ব্যক্তিকে একটি গাড়িতে এক নারীর সঙ্গে আটক করা হয়। তদন্তকারীদের ভাষ্য, ৩৪ বছর বয়সী ওই নারীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তাঁকেও গ্রেপ্তার করা হয়েছে।