
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০-এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে যমজ দুই বোনও রয়েছে। আহত হয়েছেন অন্তত ৫৬ জন। শহরের একটি রেস্তোরাঁ ও বিপণিকেন্দ্রে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে হামলাটি হয়।
নিহতের সংখ্যা বাড়ার খবর নিশ্চিত করেছেন ইউক্রেনের জরুরি সেবা ডিএনএসএসের কর্মকর্তা ভেরোনিকা বাখাল। একটি টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচে আরও তিনজন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তল্লাশি ও উদ্ধারকাজ চলছে।
এদিকে বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে ক্রামাতোরস্ক শহর কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে যমজ দুই বোন রয়েছে। ১৪ বছর বয়সী দুই বোনের নাম ইউলিয়া ও আনা আকসেনচেঙ্কো।
রাশিয়ার হামলায় আহত ব্যক্তিদের মধ্যে তিন বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানিয়েছেন দোনেৎস্ক আঞ্চলিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো। তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচে লোকজন রয়েছেন বলে দেখা গেছে। তবে তাঁরা কী অবস্থায় আছেন, তা জানা যায়নি।
বিস্ফোরণ এলাকার কাছে অবস্থিত কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তিনি মানুষের মরদেহ পড়ে থাকতে দেখেছেন। লোকজনের আর্তনাদ আর কান্নার শব্দ শুনেছেন। সেখানে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
রাশিয়ার এ হামলার নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার এই ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ এটাই প্রমাণ করে যে তাদের পরাজিত হওয়া উচিত এবং হামলা চালানোর জন্য তাদের বিচারের আওতায় আনা উচিত।
ক্রামাতোরস্ক শহরের দেড় লাখ মানুষের বসবাস। গত বছরের এপ্রিলে শহরটির একটি রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হন।