পুতিন বাঙ্কারে, ঘুরছেন তাঁরই মতো আরেকজন, রাশিয়া বলছে ‘গুজব’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ফাইল ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি পারমাণবিক হামলা প্রতিরোধী বাঙ্কারে বেশির ভাগ সময় কাটান। আর বাইরে যাঁকে দেখা যায়, তিনি নাকি পুতিনের মতোই দেখতে আরেকজন। রুশ প্রেসিডেন্টকে নিয়ে এমন জল্পনা উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। বলেছে, এ খবর ‘মিথ্যা’।

সম্প্রতি রাজধানী মস্কোয় এক সম্মেলনে এসব কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, ‘আপনারা হয়তো শুনেছেন, তাঁর (পুতিন) মতো দেখতে অনেকেই নাকি আছেন, যাঁরা তাঁর বদলে কাজ করছেন। আর পুতিন বাঙ্কারে রয়েছেন। এটা আরেকটি মিথ্যা।’

পুতিনের কর্মস্পৃহা হিংসা ধরানোর মতো উল্লেখ করে দিমিত্রি পেসকভ বলেন, ‘আপনারা নিজেরাই জানেন, আমাদের প্রেসিডেন্ট কেমন। তিনি যেমন ছিলেন, এখনো তেমনই আছেন। খুবই সক্রিয়। তাঁর সঙ্গে তাল মেলানো আশপাশের লোকজনের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে।’

রাশিয়ার প্রেসিডেন্ট শারীরিকভাবে অসুস্থ—এমন তথ্যও গুজব বলে দাবি করে আসছে মস্কো। গত মাসে মস্কো সফরে গিয়ে পুতিনের সঙ্গে দেখা করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এ সময় তিনি বলেছিলেন, ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রুশ জনগণ আবার পুতিনকে সমর্থন জানাবে, এ বিষয়ে তিনি নিশ্চিত। তবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ঘোষণা এখনো দেননি পুতিন।