সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে জরিমানা করেছেন আদালত। গত মাসে এক কর্মসূচিতে পুলিশের নির্দেশ অমান্য করার অভিযোগে করা মামলায় আজ সোমবার তাঁকে এ জরিমানা করা হয়।
সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় গ্রেটা থুনবার্গ দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মালমোর একটি আদালতে হাজির হন। মামলার শুনানি নিয়ে আদালত তাঁকে জরিমানা করেন।
গ্রেটার নেতৃত্বে পরিবেশকর্মীরা মালমো নগরের বন্দর অবরুদ্ধ করেছিলেন। এ ঘটনায় করা মামলায় অভিযোগ করা হয়, ২০ বছর বয়সী গ্রেটার নেতৃত্বে বিক্ষোভের সময় ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ নির্দেশ দিলেও বিক্ষোভকারীরা ওই এলাকা ছাড়তে অস্বীকৃতি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গ্রেটা আদালতকে বলেন, ‘এটা ঠিক যে সেদিন আমি ঘটনাস্থলে ছিলাম। এটাও ঠিক যে আমাকে একটি নির্দেশ দেওয়া হয়েছিল কিন্ত আমি তা অমান্য করি। কিন্ত আমি কোনো অপরাধ করেছি, এটা মনে করি না। কারণ, জলবায়ু পরিবর্তনজনিত সংকটের কারণে এমন কর্মসূচি পালনের প্রয়োজনীয়তা ছিল।’