
পর্তুগালে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী আত্মহত্যা করেন। আজ রোববার দেশটির সেতুবাল শহরে এ ঘটনা ঘটে। শহরটি রাজধানী লিসবন থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে।
পর্তুগালের পুলিশ কর্মকর্তা জোয়াও ফ্রেইরে বিষয়টি নিশ্চিত করে বলেন, চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে তদন্তকাজ চালাচ্ছে পুলিশের বিশেষ একটি সংস্থা।
সিএনএন পর্তুগালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেতুবাল শহরের বাইরো আজুল শহরতলিতে সকাল আটটার দিকে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বন্দুকধারী আত্মহত্যা করেন।