যুদ্ধে থাকা রুশ সেনাদের জন্য এল সব মৌসুমের উপযোগী ইউনিফর্ম

সেন্ট পিটার্সবার্গে সামরিক কুচকাওয়াজে রুশ সেনারা
ফাইল ছবি: এএফপি

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে থাকা সেনা সদস্যদের জন্য নতুন ইউনিফর্ম তৈরি করেছে রাশিয়া। সেনা সদস্যরা ইতিমধ্যে নতুন ইউনিফর্ম পেতে শুরু করেছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়ে বলেছে, নতুন এ ইউনিফর্ম সারা বছর সব মৌসুমে পরার উপযোগী।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন ইউনিফর্মের একটি ভিডিও চিত্রও প্রকাশ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে তৈরি এ ইউনিফর্ম সেনা সদস্যদের জয়েন্টগুলোর মতো শরীরের সংবেদনশীল অংশগুলোর সুরক্ষা দেবে। একইসঙ্গে এ ইউনিফর্ম পরলে সেনারা গরমে ঘামবেন কম, আর শীতে জমে যাবেন না। এতে রয়েছে একটি জ্যাকেট, একাধিক প্যান্ট ও একটি কমব্যাট শার্ট। পাশাপাশি বাতাস ও পানি নিরোধক স্যুটও রয়েছে ইউনিফর্মের অংশ হিসেবে।

রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনীর জেনারেল দিমিত্রি বুলগাকভ জানিয়েছেন, নভোসিবিরস্ক ও ভারদলভস্ক অঞ্চলে আটটি ইউনিটের সেনারা বর্তমানে নতুন ইউনিফর্ম পরছেন।

দিমিত্রি বুলগাকভ বলেন, ‘নতুন প্রজন্মের এ ইউনিফর্ম তৈরিতে উন্নতমানের সুতা ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যেকোনো আবহাওয়ায় পরার উপযোগী একটি ইউনিফর্ম তৈরি করতে চেয়েছি আমরা। এ ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে সেনা সদস্যদের প্রশিক্ষণের বিষয় মাথায় রাখা হয়েছে।’

রাশিয়ার সেনাবাহিনীর জন্য তৈরি নতুন এ ইউনিফর্মের নকশা ও উৎপাদন করেছে বিটিকে গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিকে জানিয়েছে, ‘চলতি বছরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ১ লাখ নতুন ইউনিফর্ম সরবরাহ করেছি আমরা।

ইউনিফর্ম তৈরির ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যেসব কারিগরি শর্ত দেওয়া হয়েছিল, সেগুলো মেনেই এসব ইউনিফর্ম তৈরি করা হয়েছে।’