সুইডেনের পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। গত মাসে এক কর্মসূচিতে পুলিশের নির্দেশ অমান্য করার অভিযোগে করা মামলায় আজ সোমবার তিনি আদালতে হাজির হচ্ছেন। পরিবেশকর্মীরা ওই কর্মসূচি চলাকালে মালমো নগরের বন্দর অবরুদ্ধ করেছিলেন।
আজ স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় গ্রেটা আদালতে হাজির হচ্ছেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০ বছর বয়সী গ্রেটার নেতৃত্বে বিক্ষোভের সময় ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ নির্দেশ দিলেও তাঁরা ওই এলাকা ছাড়তে অস্বীকৃতি জানান।
মামলায় দোষী সাব্যস্ত হলে গ্রেটার সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড হতে পারে। তবে মামলার কৌঁসুলি চার্লট অটোসন বার্তা সংস্থাকে বলেন, সাধারণত এ ধরনের মামলায় সাজা খুব একটা হয় না।
‘টা টিলবাকা ফ্রামটিডান’ (রিক্লেম ফর ফিউচার) নামক পরিবেশ আন্দোলন গ্রুপ ওই বিক্ষোভের আয়োজন করেছিল। তারা জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রতিবাদে মালমো বন্দরে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে।
ওই সময় এক ইনস্টাগ্রাম পোস্টে থুনবার্গ বলেছিলেন, ‘আমরা দর্শক হয়ে থাকতে চাইনি। এ কারণে জীবাশ্ম জ্বালানি অবকাঠামো বন্ধের দাবি জানাতে আমরা সশরীর সেখানে গিয়েছি। আমরা এই অবস্থা থেকে ভবিষ্যৎকে বাঁচাতে চাই।’
মাত্র ১৫ বছর বয়সে স্টকহোমে সুইডেনের পার্লামেন্টের সামনে ‘জলবায়ুর জন্য স্কুলে ধর্মঘট’ করে বিশ্বের দৃষ্টি কাড়েন থুনবার্গ।
থুনবার্গসহ তরুণদের একটি দল গড়ে তোলেন ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্ট। শিগগিরই তাদের এই সংগঠন বৈশ্বিক রূপ পেয়ে যায়।
জলবায়ু নিয়ে কাজ করার পাশাপাশি এই তরুণ পরিবেশ আন্দোলনের জলবায়ুর বিষয়গুলো নিয়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় সরকার ও রাজনীতিকদের সমালোচনা করে থাকে।
মালমোতে বিক্ষোভ নিয়ে পুলিশের দায়ের করা অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে থুনবার্গ বলেন, এ নিয়ে ‘কোনো মন্তব্য নয়’।
গ্রুপের মুখপাত্র ইরমা জেলস্ট্রোম বলেন, ‘আদালত যদি আমাদের কাজকে অপরাধ হিসেবে দেখেন, তাহলে তাঁরা দেখতেই পারেন। তবে আমরা জানি, আমাদের বাঁচার অধিকার আছে। জীবাশ্ম জ্বালানিশিল্পকে আমাদের পাশে দাঁড়ানো উচিত।’
ইরমা বলেন, সংগঠনটির ছয় সদস্যের দল আজ মালমোর আদালতে উপস্থিত হচ্ছেন।
আদেশ অমান্য করার পরিকল্পনা চালিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইরমা বলেন, ‘আমরা তরুণেরা অপেক্ষা করব না। জীবাশ্ম জ্বালানিশিল্প বন্ধে যা পারি আমরা করব। এটা আমাদের জীবন পুড়িয়ে দিচ্ছে।’