ব্রিটিশ ঔপন্যাসিক

রহস্যলেখকের বাড়িতে আটকা ১০০ পর্যটক

ডেভনে আগাথা ক্রিস্টির সেই বাড়ি
ছবি: সিএনএন’এর সৌজন্যে

বিখ্যাত ব্রিটিশ রহস্য ঔপন্যাসিক আগাথা ক্রিস্টির সাবেক বাড়ি গ্রিনওয়ে দেখতে গিয়েছিলেন প্রায় ১০০ পর্যটক। গত শুক্রবার শহরতলির সেই বাড়িতে কয়েক ঘণ্টার জন্য আটকা পড়েছিলেন তাঁরা। অবশ্য রহস্যলেখকের বাড়িতে আটকে পড়ার কারণ তেমন রহস্যময় কিছু ছিল না। তবু বিষয়টিকে কাকতালীয় বলতে নারাজ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ।

ক্রিস্টির রহস্য উপন্যাসগুলোয় ছিল চমকে যাওয়ার মতো বহু ঘটনা। দক্ষিণ–পশ্চিম ইংল্যান্ডের ডেভন কাউন্টিতে এই ঔপন্যাসিকের সাবেক বাড়িটি দেখতে যান প্রায় ১০০ পর্যটক। এই বাড়িতে অবকাশ কাটাতেন আগাথা ক্রিস্টি।

পর্যটকেরা সেখানে যাওয়ার পরই ঘটে বিপত্তি। শুরু হয় ঝড়-বৃষ্টি। একপর্যায়ে ঝোড়ো বাতাসে গাছ উপড়ে পড়ে বাড়িটির একমাত্র প্রবেশপথ বন্ধ হয়ে যায়। এতে বাড়ির মধ্যে আটকা পড়েন সেখানে যাওয়া পর্যটকেরা।

গ্রিনওয়ে দেখতে যাঁরা গিয়েছিলেন, তাঁদের একজন ছিলেন ক্যারোলিন হ্যাভেন। ঘটনাটি জানাতে এই পর্যটক স্থানীয় সংবাদমাধ্যম ডেভন লাইভের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন, ক্রিস্টির অবকাশযাপনের সাবেক এই বাড়িতে প্রায় ১০০ পর্যটক আটকা পড়েছেন।

ঐতিহাসিক এই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে ব্রিটেনের ন্যাশনাল ট্রাস্ট। দ্রুত নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, ওই বাড়িতে প্রবেশের একমাত্র রাস্তাটিতে বড় একটি গাছ উপড়ে পড়েছে।

ন্যাশনাল ট্রাস্টের এক মুখপাত্র ওই দিন বলেন, পর্যটক, কর্মী ও স্বেচ্ছাসেবকদের এখনো গ্রিনওয়েতে আটকে থাকার বিষয়ে সংস্থাটি অবগত। যতক্ষণ তাঁরা বাড়িটি ছাড়তে পারছেন না, ততক্ষণ তাঁদের স্বস্তির ব্যবস্থা করতে ন্যাশনাল ট্রাস্ট সবকিছুই করছে।

ডেভন লাইভকে হ্যাভেন বলেন, আটকে পড়া সময়ে পর্যটকেরা বিভিন্নভাবে নিজেদের ব্যস্ত রাখেন। কেউ চা-কক্ষে চা পান করে সময় কাটান। কেউ আবার বাড়ির আঙিনায় ক্রোকেট খেলায় (ছোট বল দিয়ে একধরনের খেলা) মেতে ওঠেন।

হ্যাভেন গ্রিনওয়েতে পৌঁছান স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে। পর্যটকদের দেখভালে সেখানকার কর্মীদের প্রচেষ্টায়

সন্তোষ প্রকাশ করেন তিনি। হ্যাভেন বলেন, কর্মীরা দারুণ কাজ করেছেন। তাঁরা আমাদের বিনা মূল্যে চা পান করিয়েছেন। আরও অনেক কিছু করেছেন।

ন্যাশনাল ট্রাস্ট ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ক্রিস্টি নিজেও গ্রিনওয়ের আঙিনায় ঘণ্টার পর ঘণ্টা ক্লক গল্ফ ও ক্রোকেট খেলতেন এবং তাঁর সর্বশেষ রহস্য উপন্যাসের টুকরো গল্প দিয়ে অতিথিদের বিনোদন দেওয়ার জন্য পরিচিত ছিলেন।