সামাজিক যোগাযোগমাধ্যমে সবার নজর কাড়তে কত কিছুই–না করা হয়। অনেকেই আবার বিষয়টি নিয়ে যান চরম পর্যায়ে। যেমন ডেভিড বেয়ারটেন। বেলজিয়ামের এই টিকটকার নিজের মৃত্যুর নাটক সাজিয়েছেন। কারণ কী? তিনি নাকি দেখতে চেয়েছিলেন, কারা কারা তাঁকে ভালোবাসেন।
ঘটনা গত সপ্তাহের। ৪৫ বছর বয়সী বেয়ারটেনের এক সন্তান সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বাবার ‘মৃত্যুর’ খবর জানান। শোকবার্তায় তিনি লেখেন, ‘শান্তিতে থাকুন, বাবা। আপনি সব সময় আমার মনে থাকবেন। জীবন কেন এই অবিচার আমার সঙ্গে করল? আপনি কেন করলেন? আপনি দাদা হতে যাচ্ছিলেন। আর আপনার সামনে পুরো জীবনটা পড়ে ছিল।’
এই বার্তা ছিল আসলে ভুয়া। স্ত্রী-সন্তানদের নিয়ে এ পরিকল্পনা করেছিলেন বেয়ারটন নিজেই। পরে বেলজিয়ামের লিজ শহরে তাঁর শেষকৃত্যের নাটক সাজানো হয়। শোক জানাতে কালো রঙের পোশাক পরে সেখানে হাজির হন বেয়ারটনের অনেক বন্ধু ও পরিবারের সদস্য। সবাই যখন শেষকৃত্য শুরুর অপেক্ষা করছিলেন, হঠাৎ সেখানে হাজির হয় একটি হেলিকপ্টার।
এ সময়ের একটি ভিডিও টিকটকে প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, ওই হেলিকপ্টার থেকে নেমে আসছেন বেয়ারটন। সঙ্গে একজন ক্যামেরাম্যান। বেয়ারটনকে দেখে তাঁর দিকে ছুটে যান উপস্থিত বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। অনেকেই আবার বিষয়টি না বুঝতে পরে ধন্দে পড়ে যান।
পরে বেয়ারটন জানান, মৃত্যুতে তাঁর পরিবারের সদস্যরা কীভাবে প্রতিক্রিয়া জানান, তা দেখতেই মিথ্যার আশ্রয় নিয়েছেন তিনি। দেখাতে চেয়েছেন, কারও খোঁজখবর নেওয়ার জন্য তাঁর মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে নেই।
বেয়ারটন টিকটকে র্যাগনার লে ফোউ নামে পরিচিত। এ ঘটনার পর পরিবারের সদস্যদের অনেকেই নাকি তাঁর বিষয়ে সচেতন হয়েছেন। তাঁর সঙ্গে দেখা করতে চাইছেন।