
জার্মানিতে ফক্সভাগেনের এজিএমে (বার্ষিক সাধারণ সভায়) প্রায় ১০ জন পরিবেশকর্মী ঢুকে পড়ে বিক্ষোভ দেখিয়েছেন। ফক্সভাগেন পরিবেশের ক্ষতি করছে। এটাই ছিল ওই পরিবেশকর্মীদের মূল বক্তব্য। তাঁদের গায়ে স্লোগানে লেখা ছিল ‘ডার্টি মানি’। ফক্সভাগেনের বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
ফক্সভাগেনের সিইও অলিভার ব্লুমস যখন বক্তব্য দিতে ওঠেন, তখনই বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবেশকর্মীরা। প্রায় সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীরা তাঁদের বাইরে বের করে দেন। কিন্তু ততক্ষণে বিষয়টি নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৈঠক চলাকালীন কেকও ছুড়ে মারেন তাঁরা।
পুলিশ বিক্ষোভকারীদের বাইরে বের করে দেওয়ার পর রাস্তার ওপর বসে পড়ার চেষ্টা করেন তাঁরা। কিন্তু পুলিশ তাঁদের সেখানেও বসতে দেয়নি।
পরিবেশকর্মীদের বক্তব্য, মানবাধিকার লঙ্ঘন করে চীনের শিনজিয়াং প্রদেশে ফক্সভাগেন কারখানা চালাচ্ছে। যদিও গাড়ি কর্তৃপক্ষের বক্তব্য, কোনো রকম মানবাধিকার লঙ্ঘন তারা করেনি। শিনজিয়াং প্রদেশ বরাবরই বিতর্কিত। অভিযোগ, চীন সেখানেই উইঘুর মুসলিমদের আটকে রেখেছে। তাঁদের দিয়ে অন্যায়ভাবে কাজ করানো হচ্ছে।
পাশাপাশি পরিবেশকর্মীদের বক্তব্য, ফক্সভাগেনের গাড়ি পরিবেশে মাত্রাতিরিক্ত কার্বন ফুটপ্রিন্ট তৈরি করছে। তারা সব নিয়ম মানছে না।
ফক্সভাগেন বলছে, বিক্ষোভ দেখিয়ে আলোচনায় বসা সম্ভব নয়। পরিবেশকর্মীরা চাইলে জেনারেল মিটিং ডেকে তাঁদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত তারা।