আলবেনিয়ার টিভি চ্যানেল ভবনের বাইরে বন্দুক হামলা, নিহত ১

টেলিভিশন চ্যানেল টপ চ্যানেলের দপ্তর
ছবি টপ চ্যানেলের ওয়েবসাইট

দক্ষিণ–পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ার সবচেয়ে বড় টেলিভিশন চ্যানেলের দপ্তরের বাইরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে এ ঘটনায় চ্যানেলটির এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। টেলিভিশন চ্যানেলটির নাম টপ চ্যানেল।

পুলিশ জানায়, কালাশনিকভ বন্দুক দিয়ে গুলি ছোড়া হয়। এতে টেলিভিশন চ্যানেল ভবনের বাইরে থাকা ৬০ বছর বয়সী এক নিরাপত্তারক্ষী নিহত হন।

টেলিভিশন ভবনের পাশে এসইউভি গাড়ি থেকে হামলাকারীরা আচমকা গুলি ছুড়ে চোখের পলকে সটকে পড়ে।

কেন এ হামলা চালানো হয়েছে, পুলিশ এখনো এর কারণ বের করতে পারেনি। তবে এ বিষয়ে তদন্ত চলছে।

দেশটির প্রধানমন্ত্রী এদি রামা নিহত ব্যক্তির পরিবার ও চ্যানেলটির কর্মীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

আলবেনিয়া একসময় অবৈধ অস্ত্র পাচারের জন্য বেশি পরিচিত ছিল। ১৯৯০–এর দশকে গণ-অভ্যুত্থানের সময় সামরিক ডিপো থেকে ১০ লাখের বেশি কালাশনিকভ রাইফেল চুরি হয়েছিল।