
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের অদূরে গতকাল মঙ্গলবার এক রকেট হামলায় ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক নিহত হয়েছেন। তাঁর নাম আরমান সোলদিন। তিনি ইউক্রেনে এএফপির ভিডিও সমন্বয়ক ছিলেন।
গতকাল স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে চাসিভ ইয়ার এলাকায় ইউক্রেনীয় সেনাদের সঙ্গে থাকা এএফপির একদল সাংবাদিক রকেট হামলার মুখে পড়েন। এতে ৩২ বছর বয়সী সোলদিন নিহত হন। অন্যরা আহত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী এএফপির অন্য সাংবাদিকেরা বলেন, রুশ বাহিনীর ছোড়া রকেট বিস্ফোরণে নিহত হন সোলদিন।
কয়েক মাস ধরেই ইউক্রেন যুদ্ধের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বাখমুত। শহরটির নিয়ন্ত্রণ নিতে চলছে রক্তক্ষয়ী লড়াই।
বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এবং কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) তথ্যমতে ইউক্রেন যুদ্ধে সংবাদ সংগ্রহের সময় এখন পর্যন্ত ১১ গণমাধ্যমকর্মীর মৃত্যু হয়েছে।
এএফপির চেয়ারম্যান ফেব্রিস ফ্রাইস বলেন, সোলদিনকে হারানোর শোকে পুরো সংস্থা মুহ্যমান। ইউক্রেন যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে প্রতিদিন সাংবাদিকেরা যে ঝুঁকি ও বিপদের মধ্য দিয়ে যাচ্ছেন, তা এই মৃত্যুর ঘটনা মনে করিয়ে দিচ্ছে।
সোলদিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তাঁর সাহসিকতার প্রশংসাও করেন তিনি। সোলদিনের পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা প্রকাশ করে মাখোঁ লিখেছেন, ইউক্রেনে সংঘর্ষ শুরুর হওয়ার পর থেকেই প্রকৃত ঘটনা আমাদের জানাতে সাহসিকতার সঙ্গে সোলদিন সামনের সারিতে থেকে কাজ করেছেন।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে সোলদিনের পরিবার এবং তাঁর সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, তিনি বিশ্ববাসীকে সত্যটা জানাতে গিয়ে জীবন উৎসর্গ করলেন।
দোনেস্কের পূর্বাঞ্চলে চাসিভ ইয়ারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় সোলদিন নিহত হয়েছেন বলেও ওই বিবৃতিতে জানানো হয়।
বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সরজেভোতে জন্ম সোলদিনের। ২০১৫ সালে এএফপির রোম ব্যুরোতে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেছিলেন ফরাসি এই যুবক। পরে লন্ডনে তাঁকে বদলি করা হয়।
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর করার পর এএফপির যে দল ইউক্রেনে পাঠানো হয়, সে দলে ছিলেন সোলদিন।