
ইউক্রেনের দক্ষিণের অঞ্চল খেরসনে গতকাল বুধবার রাশিয়ার বিমান হামলায় ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৮ জন। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বসন্তকালীন হামলা শুরুর প্রস্তুতি চলার মধ্যে খেরসন শহর এবং আশপাশের গ্রামগুলোতে এ হামলা হলো।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, একটি রেলস্টেশন, একটি সীমান্ত, একটি বাড়ি, একটি হার্ডওয়্যারের দোকান, একটি মুদিদোকান এবং গ্যাসস্টেশনে বিমান হামলা হয়েছে।
এক টেলিগ্রাম পোস্টে জেলেনস্কি লিখেছেন, ‘এখন পর্যন্ত ২১ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।’
তিনি হতাহতদের কিছু ছবিও প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, একটি সুপারমার্কেটে সবজি বিক্রির অংশের মেঝেতে হতাহতরা পড়ে আছেন। তাঁদের আশপাশে আবর্জনা ছড়িয়ে–ছিটিয়ে আছে।
জেলেনস্কি বলেন, ‘এগুলো বিশ্বের দেখা ও জানা উচিত।’
খেরসনের কৌঁসুলিরা একে বড় ধরনের হামলা হিসেবে উল্লেখ করেছেন। তাঁরা বলছেন, এ হামলায় ওই শহর এবং আশপাশের গ্রামগুলোর ১২ জন বাসিন্দা নিহত হয়েছেন।
এর আগে কর্মকর্তারা বলেন, খেরসনে সচল থাকা একমাত্র সুপারমার্কেটটিতে বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন।
কৌঁসুলিরা বলেন, স্তেপানিভকা ও মুজিকিভকা অঞ্চলের আশপাশের গ্রামে গোলা হামলায় বিদ্যুৎ প্রকৌশল দলের তিন কর্মী নিহত হয়েছেন।
খেরসনের কর্মকর্তারা বুধবার ঘোষণা করেছেন, কাল শুক্রবার থেকে সোমবার পর্যন্ত শহরটিতে কারফিউ চলবে। নিজেদের সেনা এবং অস্ত্রশস্ত্র এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে আগেও ইউক্রেনকে দীর্ঘ কারফিউ দিতে দেখা গেছে।
খেরসনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকসান্দর প্রকুদিন এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, শুক্রবার বিকেল ৫টা থেকে সোমবার বেলা ৩টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এ ৫৮ ঘণ্টা সময়ের মধ্যে শহরের রাস্তাগুলোতে ঘোরাফেরা করা নিষেধ। এ সময়ের মধ্যে বাইরে থেকে শহরে প্রবেশ কিংবা শহর থেকে বাইরে বের হওয়া যাবে না।
প্রকুদিন খেরসনের বাসিন্দাদের খাবার ও ওষুধ মজুত রাখার পরামর্শ দিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা কারফিউ চলাকালে তাঁদের বাড়ির আশপাশের রাস্তায় অল্প সময়ের জন্য হাঁটতে পারবেন এবং দোকানে যেতে পারবেন। তবে এ সময় তাঁদের সঙ্গে পরিচয়পত্র থাকতে হবে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে যুদ্ধক্ষেত্রের খুব কাছে খেরসন শহরের অবস্থান। গত বছর ইউক্রেনে রুশ অভিযান শুরুর পরপরই রাশিয়ার সেনারা খেরসন শহরের দখল নিয়েছিল। ২০২২ সালের নভেম্বর পর্যন্ত তা রুশ সেনাদের দখলেই ছিল। গত নভেম্বরে খেরসন শহর থেকে রুশ সেনাদের হটিয়ে দেয় ইউক্রেনীয় সেনাবাহিনী।