যুদ্ধের বর্ষপূর্তিতে ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক দেওয়ার ঘোষণা ফিনল্যান্ডের

লেপার্ড-২ বিশ্বের অন্যতম প্রথম সারির যুদ্ধট্যাংক
ছবি: রয়টার্স

ইউক্রেনে তিনটি লেপার্ড-২ ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে ফিনল্যান্ড। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তির প্রাক্কালে গতকাল বৃহস্পতিবার ফিনল্যান্ড এ ঘোষণা দেয়।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তার অংশ হিসেবে কিয়েভকে ভারী অস্ত্র সরবরাহের অঙ্গীকার করা পশ্চিমা দেশগুলোর তালিকায় সবশেষ যুক্ত হলো ফিনল্যান্ড।

ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মিকো সাভোলা এক বিবৃতিতে বলেন, তাঁরা ইউক্রেনে আরও প্রতিরক্ষাসামগ্রী পাঠাবেন। অন্য অংশীদারদের সঙ্গে তাঁরাও লেপার্ড ট্যাংক সহযোগিতায় অংশ নেবেন। তাঁদের সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে অন্যান্য বিষয়ও অন্তর্ভুক্ত থাকছে।

হেলসিঙ্কির পক্ষ থেকে কিয়েভকে ট্যাংক দেওয়ার ঘোষণার পর সংবাদ সম্মেলনে আসেন ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, লেপার্ড-২ ট্যাংকের একটি পরিবর্তিত সংস্করণ ইউক্রেনে পাঠানো হবে। এটি মাইনসহ অন্যান্য বিস্ফোরক অপসারণে সক্ষম।

ফিনল্যান্ডের প্রায় ২০০টি লেপার্ড-২ ট্যাংক আছে। এগুলোর মধ্যে মাত্র ছয়টির ধরন এভাবে পরিবর্তন করা হয়েছে।

রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের ১ হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তার অংশ হিসেবে ইউক্রেনে ট্যাংক পাঠানোর বিষয়ে এত দিন দ্বিধায় ছিল ফিনল্যান্ড।

হেলসিঙ্কির ঘোষণার আগের দিন গত বুধবার কিয়েভকে ছয়টি ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দেয় স্পেন।

গত শুক্রবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছিলেন, যেসব মিত্রের যুদ্ধট্যাংক রয়েছে, তাদের এখনই তা ইউক্রেনে পাঠানো উচিত।

বার্লিন প্রাথমিকভাবে ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক দেওয়ার ব্যাপারে দ্বিধান্বিত ছিল। মিত্রদের দিক থেকে অব্যাহত চাপের মুখে গত জানুয়ারি মাসে তারা ইউক্রেনকে ১৪টি লেপার্ড-২ ট্যাংক দেওয়ার ঘোষণা দেয়। একই সঙ্গে বার্লিন জানায়, মিত্রদের কেউ জার্মানিনির্মিত লেপার্ড-২ ট্যাংক ইউক্রেনে পাঠাতে চাইলে তারা বাধা দেবে না।

লেপার্ড-২ বিশ্বের অন্যতম প্রথম সারির যুদ্ধট্যাংক। জার্মানিসহ অনেক ইউরোপীয় দেশের সামরিক বাহিনী এ ট্যাংক ব্যবহার করে।