ইউক্রেনের দিনিপ্রো শহরের কাছে বিস্ফোরণ, আহত ২০

ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে বের করে আনছেন উদ্ধারকারীরা
ছবি: রয়টার্স

ইউক্রেনের দিনিপ্রো শহরের কাছের একটি দ্বিতল ভবনে গতকাল শনিবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ শিশুসহ ২০ জন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর এসব তথ্য জানিয়েছেন।

ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েকজনকে বের করে এনেছেন উদ্ধারকারীরা। আরও মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

আঞ্চলিক গভর্নর সেরহি লিসাক টেলিগ্রামে লিখেছেন, এখন ১৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৩ শিশুর অবস্থা গুরুতর।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, জরুরি সহায়তাকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনকে উদ্ধার করেছে।

গভর্নর সেরহি বলেছেন, সম্ভবত একটি শিশু ধ্বংসস্তূপের নিচে আটকে আছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবরে বলা হচ্ছে, রুশ ক্ষেপণাস্ত্র হামলা থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি জরুরি পরিষেবা ভবনও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে কি না, সে বিষয়ে ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন, দুটি আবাস ভবনের মধ্যে বিস্ফোরণ ঘটেছে।

জেলেনস্কি আরও লিখেছেন, ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে আছে। রাশিয়া আরও একবার প্রমাণ করেছে, তারা সন্ত্রাসী রাষ্ট্র।

ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিশানা করার কথা অস্বীকার করে আসছে রুশ সামরিক বাহিনী।