পোল্যান্ডে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

পোল্যান্ডের রাজধানী ওয়ারশর কাছের একটি বিমানঘাঁটির হ্যাঙ্গারে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়
ছবি: এএফপি

পোল্যান্ডে ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল সোমবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশর কাছে একটি বিমানঘাঁটির হ্যাঙ্গারে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

পোল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম নিজেলস্কি টুইটারে লিখেছেন, এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন।

দুর্ঘটনাটি ঘটেছে রাজধানী ওয়ারশ থেকে ২৯ মাইল দূরের খ্রিছাইনো নামের একটি গ্রামে। পরে ৪টি হেলিকপ্টার ও ১০টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে ছুটে যায়।

স্থানীয় ফায়ার সার্ভিস এ দুর্ঘটনার একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছে। ছবিতে উড়োজাহাজটির লেজের অংশ ক্ষতিগ্রস্ত হ্যাঙ্গারটির বাইরে বের হয়ে থাকতে দেখা যায়।

দুর্ঘটনার বিষয়ে জানতে এএফপির পক্ষ থেকে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। স্থানীয় পুলিশের মুখপাত্র জোয়ানা উইলোচা বলেন, দুর্ঘটনার পর পুলিশকে ডাকা হয়েছিল।

বিধ্বস্ত উড়োজাহাজটিকে ‘সেসনা ২০৮’ বলে উল্লেখ করেছে পোল্যান্ডের গণমাধ্যম।

খারাপ আবহাওয়ার কারণে লোকজন হ্যাঙ্গারটিতে আশ্রয় নিয়েছিলেন বলে জানা যায়।

উড়োজাহাজটি বিধ্বস্তের ‘সম্ভাব্য কারণ’ খারাপ আবহাওয়া বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক মুখপাত্র।