ভ্যান গঘের আত্মপ্রতিকৃতির সন্ধান

ভিনসেন্ট ভ্যান গঘের আত্মপ্রতিকৃতি
ছবি : সংগৃহীত

বিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি আত্মপ্রতিকৃতির (সেলফ–পোর্ট্রেট) সন্ধান পেয়েছেন ন্যাশনাল গ্যালারিজ অব স্কটল্যান্ডের কর্মকর্তারা। আত্মপ্রতিকৃতিটি অন্য আরেকটি চিত্রকর্মের পেছনে লুকানো ছিল। স্কটল্যান্ডের ওই চিত্রশালার পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার নতুন চিত্রকর্ম আবিষ্কারের ঘোষণা দিয়ে বলা হয়, তাঁরা নতুন চিত্রকর্ম আবিষ্কারের ঘোষণা দিতে পেরে রোমাঞ্চিত।

স্কটল্যান্ডের ন্যাশনাল গ্যালারিজ জানায়, ভ্যান গঘের ১৮৮৫ সালের চিত্রকর্ম ‘হেড অব আ পিজ্যান্ট ওম্যান’-এর পেছনে কয়েক স্তরের আঠা ও কার্ডবোর্ডের ভেতর তাঁর ওই আত্মপ্রতিকৃতিটি পাওয়া গেছে।

ভ্যান গঘের ওই আত্মপ্রতিকৃতিতে দেখা যাচ্ছে দাড়িওয়ালা এক ব্যক্তির মাথায় বিশেষ টুপি ও গলায় বিশেষ টাই পরা রয়েছে। ছবিতে তাঁর কান অক্ষত ছিল। ১৮৮৮ সালে ভ্যান গঘ তাঁর বাঁ কান কেটে ফেলার আগে এ চিত্রকর্ম এঁকেছিলেন।

স্কটল্যান্ডের ন্যাশনাল গ্যালারির পর্যটকেরা আগামী প্রদর্শনীতে এ চিত্রকর্ম দেখার সুযোগ পাবেন। বিশেষভাবে নকশা করা একটি আলোর বাক্সে এক্স-রে ছবি হিসেবে এটি দেখানো হবে। বর্তমানে ওই চিত্রশালার কিউরেটররা চিত্রকর্মটির কোনো ক্ষতি না করেই লুকানো ক্যানভাস থেকে নিরাপদে এটি বের করে আনার জন্য কাজ করছেন।

ন্যাশনাল গ্যালারিজের জ্যেষ্ঠ চিত্রকর্ম সংরক্ষক লেসলি স্টিভেনসন বলেন, ‘চিত্রকর্মটির খোঁজ পেয়ে আমরা রোমাঞ্চিত। আমরা যখন প্রথমবার এক্স-রে দেখেছিলাম, তখন দারুণ রোমাঞ্চ অনুভব করেছিলাম। এটা গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার। কারণ, আমরা ওলন্দাজ এই চিত্রশিল্পীর জীবন সম্পর্কে যতটা জানি, তাতে এ আবিষ্কার বাড়তি মাত্রা যুক্ত করবে।’

লেসলি আরও বলেন, ‘পরবর্তী পদক্ষেপ সম্পর্কে চিন্তা করার জন্য অনেক কিছু আছে এতে। এ চিত্রকর্ম আমাদের জন্য আরেকটা ছোট সংযোজন, যা একজন কালজয়ী শিল্পীর একটু কাছে নিয়ে যেতে সাহায্য করবে।’

কিউরেটরদের ধারণা, চিত্রকর্মটি ভ্যান গঘের পরীক্ষামূলক স্ব-প্রতিকৃতির একটি সিরিজের অংশ। আমস্টারডামের ভ্যান গঘ জাদুঘরে এর আগে এ ধরনের পাঁচটি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। এগুলো ১৮৮৬ সালে চিত্রকর প্যারিসে যাওয়ার আগেই সম্পন্ন করেছিলেন।