
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে প্রায় ১০০ যাত্রীবাহী একটি নৌকা উদ্ধার করা হয়েছে। সেখানে ১৪ জন অভিবাসীর মরদেহ পাওয়া গেছে। গতকাল শুক্রবার স্পেনের সংবাদ সংস্থা ইএফই এই তথ্য জানিয়েছে। সাম্প্রতিক সময়ে অভিবাসীদের চাপ অনেক বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে।
এ ঘটনা বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসন পথের ঝুঁকিকে আবারও সামনে নিয়ে এসেছে। আগামীকাল রোববার স্পেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঠিক আগে এই দুর্ঘটনা ঘটল। এবারের নির্বাচনে অভিবাসন প্রধান ইস্যু হয়ে উঠেছে।
ইএফই জানিয়েছে, ১৪ জনের মরদেহ তীরে আনা হয়েছে। এর আগে উদ্ধারকারীরা বলেছিল, নৌকায় ৮ থেকে ১০টি মরদেহ ছিল। গুরুতর অবস্থায় ছয়জনকে উড়োজাহাজে করে হাসপাতালে নেওয়া হয়েছে। এল হিয়েরো দ্বীপের ৩৯ নটিক্যাল মাইল (৭২ কিলোমিটার) দক্ষিণে নৌকাটি পাওয়া যায়। সেটিকে টেনে লা এস্তাকা বন্দরে নেওয়া হয়েছে।
এদিকে দ্বীপটির লা রেস্তিংগা বন্দরে আরেকটি নৌকা থেকে ৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই বন্দরেই অভিবাসীদের অভ্যর্থনা কেন্দ্র ও অস্থায়ী হাসপাতাল আছে। দ্বীপে আসা বেশির ভাগ অভিবাসীর প্রাথমিক কাজগুলো এখানেই করা হয়।
অক্টোবর মাস থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আসার হার অনেক বেড়েছে। ২৫ নভেম্বর এক দিনেই সেখানে ২ হাজার ১০০ মানুষ পৌঁছেছেন। এক দিনে এত মানুষের আসার ঘটনা এটিই প্রথম। তাঁদের বেশির ভাগই এসেছেন এল হিয়েরো দ্বীপে, যার জনসংখ্যা মাত্র ১১ হাজার ৪০০।
আঞ্চলিক নেতা ফার্নান্দো ক্লাভিজো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘এই নতুন দুর্ঘটনায় ভীষণ কষ্ট হচ্ছে, নিজেকে খুব অসহায় লাগছে।’
ক্লাভিজো এ বিষয়ে স্পেন সরকার ও ইউরোপীয় কমিশনের জরুরি পদক্ষেপ দাবি করেছেন। তিনি আরও লিখেছেন, ‘এই মানবিক সংকট এল হিয়েরো থেকে শুরু হয়নি। এর শুরু সেনেগাল ও গাম্বিয়ার উপকূল থেকে। তাই আমাদের সেখানেই মূল পদক্ষেপ নিতে হবে।’
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপের অন্যতম নেতা। অর্থনীতির জন্য অভিবাসনের সুফলের পক্ষে জোরালো কথা বলেন তিনি। তবে জনমত জরিপে এগিয়ে থাকা ডানপন্থীরা অভিবাসন আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে চায়।
প্রতিবছর হাজার হাজার অভিবাসী অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। উত্তাল সাগর ও প্রবল স্রোত উপেক্ষা করে তাঁরা স্পেনে যেতে চান। সাধারণত শরৎকালে সাগর কিছুটা শান্ত থাকায় এ সময় অভিবাসীদের আসার হার বেড়ে যায়।