স্পেনের সাধারণ নির্বাচনে রেকর্ড ৭৯ শতাংশের বেশি ভোট পড়েছে। তবে চাপে পড়েছেন সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এখন পর্যন্ত ভোট গণনা থেকে সানচেজের ক্ষমতা হারানোর ইঙ্গিত মিলছে।
স্থানীয় সময় রোববার স্পেনে ভোটগ্রহণ হয়। নির্ধারিত সময়ের আট মাস আগেই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, রোববারের নির্বাচনে রেকর্ড ৭৯ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে। এর আগে ২০২৩ সালের সর্বশেষ নির্বাচনে দেশটিতে ৬৬ দশমিক ৬ শতাংশ ভোট পড়েছিল।
১৯৭০–এর দশকের শেষ ভাগের পর এবারই স্পেনের কোনো নির্বাচনে এত ভোট পড়েছে।
বাংলাদেশ সময় রাত তিনটার দিকে প্রায় ৫০ শতাংশ ভোটগণনা শেষে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডানপন্থী দল পিপলস পার্টি (পিপি) ৩১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের রাজনৈতিক দল সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই) পেয়েছে ২৯ দশমিক ৭ শতাংশ ভোট। অন্যদিকে অতি ডানপন্থী ভক্স পার্টি ১৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে, এবারের নির্বাচনে মূল ডানপন্থী পিপি ১৩৩টি আসনে জয় পেতে পারে। ভক্স পার্টি জয় পেতে পারে ৪৮টি আসনে।
অন্যদিকে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই) ১১৪টি আসনে জয় পেতে পারে।
স্পেনের পার্লামেন্টে ৩৫০টি আসন। সরকার গড়তে কোনো দল কিংবা জোটের ১৭৬টি আসনে জয় পেতে হয়।
এবারের নির্বাচনে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ইঙ্গিত মিলেনি। বরং ঝুলন্ত পার্লামেন্টের আভাস পাওয়া যাচ্ছে।
শেষ পর্যন্ত ভোটে হেরে সানচেজ সরকারের পতন হলে জোট সরকার গড়তে পারে রক্ষণশীল দল পিপি। সেক্ষেত্রে দলটিকে অতি ডানপন্থী ও অভিবাসনবিরোধী হিসেবে পরিচিত ভক্স পার্টির সমর্থন নিতে হতে পারে।
পিপি সরকার গঠন করতে পারলে ফ্রাঙ্কোর একনায়কত্বের (১৯৩৯ থেকে ১৯৭৫ সাল) শেষে গণতন্ত্রে ফেরা স্পেনে এবারই প্রথম অতি ডানপন্থীরা ক্ষমতায় বসতে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত পেদ্রো সানচেজ ২০১৮ সালের জুন থেকে স্পেনের প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন।