‘বাস থেকে মাকে দেখেই আমি কাঁদতে শুরু করি’

দীর্ঘদিন পর সন্তানকে কাছে পেয়ে জড়িয়ে ধরেছেন মা
ছবি: রয়টার্স

রাশিয়া ও রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপ থেকে আরও ৩১ শিশুকে ফিরিয়ে এনেছে ইউক্রেন। গত শুক্রবার বেলারুশ সীমান্ত দিয়ে এসব শিশু দেশে তাদের পরিবারের কাছে ফিরেছে। যুদ্ধ হচ্ছে এমন এলাকা থেকে রুশ বাহিনী এসব শিশুকে নিয়ে গিয়েছিল। ইউক্রেন বলছে, রাশিয়া এভাবে প্রায় ২০ হাজার শিশুকে অপহরণ করে নিয়ে গেছে। তবে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, শিশুদের নিরাপত্তার কথা ভেবেই তাদের বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার এসব শিশু যখন বেলারুশ সীমান্ত দিয়ে ইউক্রেনে আসে তখন সেখানে অপেক্ষায় ছিলেন তাদের বাবা–মায়েরা। সীমান্ত পার হয়েই শিশুরা তাদের জড়িয়ে ধরে। ইউক্রেন জানিয়েছে, এসব শিশুকে উদ্ধার করে দেশে ফেরানোর জন্য জটিল এক অভিযান চালাতে হয়েছে। পুরো প্রক্রিয়া ছিল বেশ কষ্টকর।

পরিবারের কাছে ফিরে আসা এই শিশুদের একজন ১৩ বছর বয়সী দাশা রাক। দাশা জানাল, রুশ সেনারা খেরসন শহর দখল করলে যুদ্ধ এড়াতে সে ও তার জমজ বোন কয়েক সপ্তাহের জন্য ক্রিমিয়ায় যায়। কিন্ত সেখানে যাওয়ার পরে রুশ কর্মকর্তারা বলেন, তাদের আরও বেশি সময় সেখানে থাকতে হবে। দাশা বলে, ‘তারা (রুশ কর্মকর্তারা) বলেছিল, আমাদের দত্তক নেওয়া হবে, আমরা অভিভাবক পাব। তারা প্রথম যখন এ কথা বলল তখন আমরা সবাই কাঁদতে শুরু করলাম।’

দাশার মা নাতালিয়া বলেন, মেয়েকে নিয়ে আসার জন্য তিনি ইউক্রেন থেকে পোল্যান্ড, বেলারুশ ও মস্কো হয়ে ক্রিমিয়া (২০১৪ সালে রাশিয়ার ইউক্রেনের এই উপদ্বীপ দখলে নেয়) যান। ক্রিমিয়ায় মেয়ের কাছে যাওয়ার অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘এটা খুবই কঠিন ছিল। কিন্ত আমরা হাল ছাড়িনি। আমরা রাতে ঘুমাইনি, সুযোগ পেলে বসে বসে ঘুমিয়েছি। মেয়েকে নিয়ে সেখান থেকে ফেরার সময় কাঁটাতারের বেড়ার ওপারে অন্য শিশুরা কাঁদছিল। সেই দৃশ্য হৃদয়বিদারক।’

পরিবারকে ছেড়ে দীর্ঘ ছয় মাস ক্রিমিয়া ছিল এই যমজ বোন

এসব শিশুকে ইউক্রেনে ফেরাতে সাহায্য করেছে ‘সেভ ইউক্রেন’ নামের একটি দাতব্য সংগঠন। এর প্রতিষ্ঠাতা মিকোলা কুলেবা বলেন, শিশুদের উদ্ধারের পঞ্চম মিশন শেষের পথে। শিশুদের সংখ্যা ও তাদের দেশে ফেরানোর প্রক্রিয়াটির জটিলতা বিবেচনায় এই উদ্ধার অভিযানটি বিশেষ। বেলারুশ সীমান্ত দিয়ে ইউক্রেনে আনার পর শনিবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে কুলেবা বলেন, ৩১ শিশুই জানিয়েছে রাশিয়ায় কেউই তাদের বাবা–মায়ের খোঁজ করার চেষ্টা করেনি।

কুলেবা বলেন, ‘সেখানে এসব শিশুর কারও কারও পাঁচবারও অবস্থান বদল করতে হয়। কেউ কেউ বলেছে, তেলাপোকা ও ইঁদুরের সঙ্গে বাস করতে হয়েছে। ইউক্রেনের খারকিভ ও খেরসনের যেসব এলাকার দখল নিয়েছে রুশ বাহিনী, সেসব এলাকা থেকে এসব শিশুকে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল তিন শিশু। গত মাসে যে ১৮ শিশুকে উদ্ধার করে আনা হয় তাদের মধ্যে এই শিশুরা ছিল। এ শিশুরা জানায়, সেখানে পাঁচ থেকে ছয় মাস ছিল তারা।

শিশুরা আরও জানায়, তাদের পরিবারকে চাপ দিয়ে রাশিয়ার সেনারা তাদের তুলে নিয়ে বিভিন্ন আশ্রয়শিবিরে রাখে। এ তিন শিশুর একজন ভিতালি। তাঁর বাড়ি খেরসন অঞ্চলে। ভিতালির বয়স জানা যায়নি। সে বলে, ‘আমাদের সঙ্গে পশুর মতো ব্যবহার করা হয়েছে। পৃথক একটি ভবনে আমাদের বদ্ধ ঘরে রাখা হয়েছিল।’

সীমান্ত পার হওয়ার পর বাসে করে পরিবারের কাছে নেওয়া হচ্ছে শিশুদের  

সীমান্ত পেরিয়ে মাকে জড়িয়ে ধরা বোগদান নামে ১৩ বছরের এক শিশু বলে, ‘বাস থেকে মাকে দেখেই আমি কাঁদতে শুরু করি। ফিরতে পেরে আমি খুব খুশি।’ তার মা ইরিয়ানা (৫১) বলেন, ছয় মাস ধরে বোগদান তাঁর কাছে ছিল না। এই সময়ে ছেলের সম্পর্কে তেমন কিছুই জানতে পারছিলেন না। ইরিয়ানা বলেন, ‘ফোন করার উপায় নেই। আমি খুব চিন্তিত হয়ে পড়ি। আমি কিছু জানতে পারছিলাম না। সে কেমন আছে, কীভাবে আছে কিছুই না। আমার হাত দুটো এখনো কাঁপছেই।’

ইউক্রেনের দাবি, গত বছরের ফেব্রুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনে হামলা চালানোর পর ইউক্রেন থেকে ১৯ হাজার ৫০০ শিশুকে রাশিয়া বা রাশিয়ার দখল করা ক্রিমিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। জোরপূর্বক এভাবে শিশুদের তুলে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে কিয়েভ। তবে অপহরণের এমন অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে বিস্তীর্ণ অঞ্চলের দখল নেওয়া রাশিয়া। মস্কো বলেছে, এসব শিশুর সুরক্ষার কথা ভেবেই তাদের অন্যত্র স্থানান্তরিত করা হয়।