আজ ৮ ডিসেম্বর, শুক্রবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতের খবর। এ ছাড়া ভারত, ব্রাজিলসহ আরও কিছু উল্লেখযোগ্য খবরও আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।
গতকাল বৃহস্পতিবার গাজা উপত্যকার বড় শহরগুলোতে ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে সংঘর্ষে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি টিভির ফুটেজে দেখানো হয়েছে, গাজার রাস্তায় তাঁদের হাতে বন্দী কয়েক হামাস সদস্য মাথানত করে বসে আছেন। তবে রয়টার্স এর সত্যতা যাচাই করতে পারেনি। আর ফিলিস্তিনিদের মধ্যে কয়েকজন বলেছেন, টিভিতে যাঁদের দেখানো হয়েছে, তাঁদের সঙ্গে হামাস বা অন্য কোনো দলের কোনো যোগাযোগ নেই।
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে ইসরায়েল যে ধরনের আচরণ করছে, তার কঠোর সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে এবং হতাহতের ঘটনা এড়াতে ইসরায়েল সরকার যে লক্ষ্যের কথা বলেছিল, তার সঙ্গে তাদের আচরণে ফারাক থেকে যাচ্ছে।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি ইসরায়েলের সমালোচনা করেন। রাইসির সঙ্গে বৈঠকে পুতিন বলেন, গাজায় ইসরায়েল ও হামাসের সংঘাত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ব্যর্থতা।
এদিকে ভারতের সুপ্রিম কোর্টে নাগরিকত্ব আইন নিয়ে সওয়াল-জবাব চলাকালে কংগ্রেসের সাবেক শীর্ষস্থানীয় নেতা ও বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল দাবি করেছেন, পূর্ব ভারতের আসাম একসময় মিয়ানমারের অংশ ছিল। তাঁর এই দাবির প্রবল বিরোধিতা করে আসামের বিজেপি নেতৃত্ব জানিয়েছে, সাবেক কংগ্রেস নেতা ইচ্ছাকৃতভাবে ইতিহাস বিকৃত করছেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার নেতৃত্বাধীন সরকারের প্রতি দেশটির মানুষের সমর্থন কোনোরকমে স্থিতিশীল অবস্থায় আছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত দুটি জনমত জরিপ থেকে এমন আভাস পাওয়া গেছে।