যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন (ইউএনজিএ) চলাকালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ২৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন (ইউএনজিএ) চলাকালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।  ২৫ সেপ্টেম্বর ২০২৬

আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানের প্রতিনিধিদল নিউইয়র্কে আলোচনায় বসছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসছে ইরানের প্রতিনিধিদল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে আলোচনায় অংশ নেবে ইরান।

ইরানের বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার সকালে পররাষ্ট্রমন্ত্রী আরাগচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদল মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবে। মধ্যস্থতাকারী হিসেবে কাতারের একটি প্রতিনিধিদল নিউইয়র্কে অবস্থান করছে। তাদের মাধ্যমেই গত সপ্তাহে  যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরান সাত দিনের রূপরেখা পাঠিয়েছিল মার্কিন কর্মকর্তাদের কাছে।

আইএসএনএ জানিয়েছে, মধ্যস্থতাকারীদের সঙ্গে বর্তমান পরিস্থিতির সার্বিক দিক ও সর্বশেষ প্রস্তাব নিয়ে আলোচনা করবে ইরানের প্রতিনিধিদল।

আর ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনার পরিকল্পনা ইরানের নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে আইআরএনএ জানায়, ইরানের প্রতিনিধিদল নিউইয়র্ক থেকে আগামীকাল মঙ্গলবার তেহরানে ফিরে যাবে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি আজ এক বার্তায় বলেছেন, ইরানের সামরিক বাহিনী ও হরমুজ প্রণালির রক্ষাকারীদের হামলায় ‘শত্রু’ বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জলসীমা থেকে আরব সাগরের দিকে সরে যেতে বাধ্য হয়েছে। ...তাদের শিগগিরই আরব সাগর থেকেও তাড়িয়ে দেওয়া হবে।