নেসেটে ইসরায়েলের ২৬তম পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১০ নভেম্বর ২০২৬
নেসেটে ইসরায়েলের ২৬তম পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১০ নভেম্বর ২০২৬

তথ্য ফাঁস

খাদের কিনারে নেতানিয়াহু, গোপনে যোগাযোগ করছেন আরব নেতাদের সঙ্গে

আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্টের নেতা আহমেদ তিবি চ্যানেল টুয়েলভকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, নেতানিয়াহুর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যোগাযোগের কয়েকটি বার্তাও প্রকাশ করেছেন তিনি। আরব দল রাআমের প্রধান মনসুর আব্বাসের সঙ্গেও নেতানিয়াহুর পক্ষ থেকে যোগাযোগের খবর বেরিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে দেশটির আরব নেতাদের আক্রমণ করে বক্তৃতা করলেও গোপনে তাঁদের সহায়তা চাইছেন। নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেল এ বিষয়ে আরব নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। এমনকি নেতানিয়াহুর সরকারের একজন মন্ত্রীও যোগাযোগ করে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটের নেতৃত্বে সরকার গঠনের বিরোধিতা করতে বলেছেন।

খাদের কিনারে থাকা নেতানিয়াহুর এসব গোপন তৎপরতার তথ্য ফাঁস করেছেন আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য আহমেদ তিবি। তিনি ইতিমধ্যে নতুন পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। জয়েন্ট লিস্ট পার্লামেন্ট নির্বাচনে ১১টি আসন পেয়েছে। আরেক আরব দল রাআমের প্রধান মনসুর আব্বাসের সঙ্গেও নেতানিয়াহুর পক্ষ থেকে যোগাযোগের খবর বেরিয়েছে। নির্বাচনে রাআম ৮টি আসন পেয়েছে।

আহমেদ তিবি গত শুক্রবার চ্যানেল টুয়েলভকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগের কয়েকটি বার্তা প্রকাশ করেছেন। তাঁর দাবি, নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেল তাঁকে এসব বার্তা পাঠিয়েছেন। তিবি অভিযোগ করেন, ইয়াশার দলের চেয়ারম্যান গাদি আইজেনকটের জোটের সরকার গঠনের উদ্যোগ ঠেকাতে নেতানিয়াহু গোপনে আরব আইনপ্রণেতাদের সহায়তা চাইছেন। অথচ প্রকাশ্যে আরব দলগুলোর সঙ্গে যেকোনো সহযোগিতার নিন্দা করছেন।

জয়েন্ট লিস্ট আরেকটি নির্বাচন চায় না। বরং নেতানিয়াহু ও কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গভিরকে ক্ষমতা থেকে সরাতে চায়।
আহমেদ তিবি, জয়েন্ট লিস্টের নেতা

তিবি বলেন, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোট গ্রহণ শেষ হওয়ার পরপর এবং নির্বাচন-পরবর্তী সময়ে এশেল তাঁকে বার্তা পাঠিয়েছেন। কয়েকটি বার্তা দেখাতে তিনি ক্যামেরার সামনে নিজের ফোন তুলে ধরেন। তবে ছবির মান স্পষ্ট না হওয়ায় দর্শকেরা সেগুলো পড়তে পারেননি।

তিবির ভাষ্য, আরব দলগুলোর সঙ্গে সহযোগিতাকে অগ্রহণযোগ্য প্রমাণ করতে নেতানিয়াহু যে প্রচার চালাচ্ছেন, এসব বার্তা তাঁর সেই ভণ্ডামির প্রমাণ। তিবি বলেন, নিজেদের সুবিধামতো নেতানিয়াহুর দল লিকুদ পার্টিই আরব দলগুলোর সমর্থন চেয়েছে।

ইসরায়েলে ভোটের আগে রাজধানীর তেল আবিবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জয়েন্ট লিস্টের নেতা আহমদ তিবি। ৫ অক্টোবর ২০২৬

আহমেদ তিবি বলেন, সাধারণত তিনি ব্যক্তিগত কথোপকথন প্রকাশ করেন না। তবে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর সর্বশেষ ভাষণ শোনার পর তিনি এসব প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। ওই ভাষণে নেতানিয়াহু আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচন ‘কারচুপিতে’ জড়িত থাকার অভিযোগ করেন।

১০ নভেম্বর পার্লামেন্টের নতুন সদস্যদের শপথ নেওয়ার পর দেওয়া ভাষণে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি জানান। একই সঙ্গে আরব নেতাদের দল রাআম বা জোট জয়েন্ট লিস্টের ওপর নির্ভরশীল জোট গঠনের বিরুদ্ধে সতর্ক করেন। নেতানিয়াহু আরব আইনপ্রণেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থন এবং ইসরায়েলের ধ্বংস কামনার অভিযোগ তোলেন।

নেতানিয়াহুর সরকারের এক মন্ত্রীও চলতি সপ্তাহে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি তিবিকে আইজেনকটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিতে এবং আরেকটি নির্বাচনের জন্য চেষ্টা চালাতে বলেন।

নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী জোটের নেতা আইজেনকট নেতানিয়াহুর এই ভাষণকে ‘বিদ্বেষপূর্ণ’ বলে নিন্দা জানান। আরব দলগুলোও একে বর্ণবাদী ও উসকানিমূলক বলে অভিহিত করে।

চ্যানেল টুয়েলভের সাক্ষাৎকারে আহমেদ তিবি বলেন, ‘আপনি (নেতানিয়াহু) ভণ্ড। নির্বাচনের এক সপ্তাহ আগে, পরদিন এবং ফলাফল প্রকাশের পর আবারও আপনার ব্যক্তিগত উপদেষ্টাকে আমার কাছে পাঠিয়েছেন।’

তিবি আরও বলেন, নেতানিয়াহুর সরকারের এক মন্ত্রীও চলতি সপ্তাহে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি তিবিকে আইজেনকটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিতে এবং আরেকটি নির্বাচনের জন্য চেষ্টা চালাতে বলেন। ওই মন্ত্রী তাঁকে বলেন, ‘ওদের (আইজেনকট) বিশ্বাস করবেন না। ওরা আপনাদের নেবে না। তার চেয়ে আমাদের নির্বাচনে যাওয়াই ভালো।’

ওই মন্ত্রীকে আহমেদ তিবি জানিয়েছেন, জয়েন্ট লিস্ট আরেকটি নির্বাচন চায় না। বরং নেতানিয়াহু ও কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গভিরকে ক্ষমতা থেকে সরাতে চায়। তিবির অভিযোগ, ইসরায়েলের গোয়ােন্দা শিন বেতের প্রধান ডেভিড জিনির সহায়তায় বেন গভির ইসরায়েলের ২০ লাখ আরব নাগরিকের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন।

লিকুদ পার্টি অবশ্য আহমেদ তিবির অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দলটির অভিযোগ, আরব দলগুলো নিজেদের গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করছে। চ্যানেল টুয়েলভকে দেওয়া প্রতিক্রিয়ায় লিকুদ পার্টি বলেছে, ‘যেসব দল জাতীয় সংগীতকে অসম্মান করে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সেনাদের ক্ষতি করে, লিকুদ পার্টি তাদের সহযোগিতা করে না।’

ইসরায়েলে আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দল রাআমের নেতা মনসুর আব্বাস

আরব দলগুলো নির্বাচনে ‘কারচুপি’ করেছে, নেতানিয়াহুর এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আহমেদ তিবি। তিনি বলেন, ‘কেবল একজন চোরই অন্যদের চোর বলতে পারে। একজন প্রধানমন্ত্রীর দায়িত্বশীল আচরণ করা উচিত। এটি আরব জনগোষ্ঠীর নেতৃত্ব এবং ২০ লাখ আরব নাগরিকের গ্রহণযোগ্যতা নষ্ট করার চেষ্টা।’

২৭ অক্টোবরের নির্বাচন চলাকালে এবং এর পরপরই নেতানিয়াহু ও লিকুদ অভিযোগ করতে শুরু করে, আরব দলগুলো ভোট ‘চুরি’ করেছে। তবে নির্বাচন কর্মকর্তারা বারবার বলেছেন, ফলাফল প্রভাবিত হওয়ার মতো কোনো কারচুপির ইঙ্গিত নেই। অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা বলেছেন, নির্বাচনের ফলাফলে ‘সামান্যতম’ প্রভাব ফেলতে পারে, এমন কিছুও তিনি দেখেননি।

তিবির মতে, বিদায়ী সরকারের ওপর ক্ষোভ এবং আরব নাগরিকদের বিরুদ্ধে হামলা ও উসকানির কারণেই আরব ভোটারদের উপস্থিতি এতটা বেড়েছে। তিনি বলেন, ‘যে সরকার আরব জনগোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে এবং তাদের বিরুদ্ধে উসকানি দিয়েছে, সেই সরকারের বিরুদ্ধে এটি ছিল আত্মরক্ষার এক বীরত্বপূর্ণ পদক্ষেপ।’

নেতানিয়াহুর ঘনিষ্ঠ নাতান এশেল বলেন, তিনি ‘কয়েকজন আরবের’ কাছে জানতে চেয়েছিলেন, তাঁরা কি ‘এমন কাউকে সমর্থন করবেন, যিনি তাঁদের নিজের জোটে চান না’। এশেলের ভাষ্য অনুযায়ী, মনসুর আব্বাস জবাব দিয়েছিলেন, ‘আমাদের জন্য যা ভালো, আমরা তা-ই করব।’

আরব জনপদগুলোতে সহিংস অপরাধ, কট্টর ডানপন্থী রাজনীতিক বেন গভির ও বেজালেল স্মোতরিচের বক্তব্য এবং নিজেদের ‘অস্তিত্বের হুমকি’ আরব ভোটারদের ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করেছে বলে উল্লেখ করেন তিবি। তিনি বলেন, ‘এসবের জবাবে মানুষ বেরিয়ে এসে পদক্ষেপ নিয়েছে। আমি আমাদের জনগণকে অভিবাদন জানাই।’

আহমেদ তিবি এসব তথ্য প্রকাশের আগে, সপ্তাহের শুরুর দিকে চ্যানেল টুয়েলভ পৃথক এক প্রতিবেদনে জানায়, নেতানিয়াহুর ঘনিষ্ঠ নাতান এশেল নির্বাচনের আগে, চলাকালে এবং পরে আরেক আরব দল রাআমের চেয়ারম্যান মনসুর আব্বাসের সঙ্গে বারবার যোগাযোগ করেছিলেন। তিনি আব্বাসকে আইজেনকটের সরকার গঠনে সহায়তা না করতে বলেছিলেন।

নেতানিয়াহুর হয়ে কোনো বার্তা পৌঁছে দেওয়ার কথা অস্বীকার করেছেন নাতান এশেল। তিনি চ্যানেল টুয়েলভকে বলেন, তিনি ‘কয়েকজন আরবের’ কাছে জানতে চেয়েছিলেন, তাঁরা কি ‘এমন কাউকে সমর্থন করবেন, যিনি তাঁদের নিজের জোটে চান না’। এশেলের ভাষ্য অনুযায়ী, মনসুর আব্বাস জবাব দিয়েছিলেন, ‘আমাদের জন্য যা ভালো, আমরা তা-ই করব।’