আমলাদের জন্য আচরণবিধি

ভারতের আমলাদের জন্য ১৯৬৮ সালে প্রণীত আচরণবিধি সংশোধন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। এতে ১৯টি নতুন নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এতে আমলাদের রাজনীতি-নিরপেক্ষ থেকে মেধার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়েছে। এ সংক্রান্ত সংশোধিত বিধি গত বুধবার গেজেট আকারে প্রকাশ করা হয়। ১৯টি নির্দেশনার মধ্যে রয়েছে, সব কর্মকর্তাকে রাজনৈতিক নিরপেক্ষতা এবং সেই সঙ্গে উচ্চ নৈতিক মান ও চারিত্রিক সততা বজায় রাখতে হবে। মেধা, স্বচ্ছতা, দায়বদ্ধতা ও নিরপেক্ষতার পরিচয় দিতে হবে। আগে শুধু সম্পূর্ণ সততা ও বিশ্বস্ততার সঙ্গে কাজ করতে বলার কথা উল্লেখ ছিল।