
পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার ভারতজুড়ে ‘ভারত বনধ’-এর ডাক দিয়েছে ভারতের জাতীয় কংগ্রেস, বামদলসহ আরেও কয়েকটি রাজনৈতিক দল। তারা দাবি তুলেছে, অবিলম্বে ভারতের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির লাগাম টানতে হবে। কমাতে হবে জ্বালানি তেলসহ গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। কংগ্রেস এই বনধ ডেকেছে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। বামদল ডেকেছে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
কংগ্রেস, বামদল ছাড়া এদিন আলাদাভাবে এই ইস্যুতে বনধ ডেকেছে এসইউসিআইসহ বামপন্থী বিভিন্ন মাওবাদী কমিউনিস্ট পার্টিও।
তৃণমূল কংগ্রেস বলেছে, মোদি সরকারের বিরুদ্ধে তোলা এই ইস্যুর প্রতি তাদের সমর্থন রয়েছে। তবে তারা ধর্মঘটে বিশ্বাসী নয় বিধায় তারা ওই দিন এই ইস্যুতে ধর্মঘটে শামিল না হয়ে প্রতিবাদ মিছিল বের করবে। কলকাতায় এদিন তারা মিছিল করবে কলকাতার মৌলালি মোড় থেকে ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত। একই সঙ্গে ঘোষণা দিয়েছে কোনো সরকারি কর্মচারী এদিন কাজে উপস্থিত না হলে তাঁদের বেতন কাটা হবে।
বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছেন, মূল্যবৃদ্ধির প্রতিবাদই নয়, তাঁরা প্রখ্যাত লেখক-কবি বারবারা রাওসহ বিশিষ্টজনদের গ্রেপ্তারেরও প্রতিবাদ জানাবেন এদিন।
ভারতে পেট্রল, ডিজেলের দাম এখন প্রতিদিনই বাড়ছে। এখন ভারতের মুম্বাই শহরে লিটারপ্রতি পেট্রলের দাম হয়েছে ৮৭.৩৯ রুপি আর ডিজেলের দাম হয়েছে ৭৬.৫১ রুপি। কলকাতায় পেট্রল ৮২.৮৮ ও ডিজেল ৭৪.৯২ রুপি। দিল্লিতে পেট্রল ৭৯.৯৯ রুপি এবং ডিজেল ৭২.৭ রুপি। আর চেন্নাইতে এই দাম বেড়ে হয়েছে পেট্রল ৮৩.১৪ ও ডিজেল ৭৬.১৮ রুপি। অন্যদিকে রান্নার গ্যাস ১৪.২ কিলো ওজনের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৮৪৯ রুপি। গত মাসে ছিল ৭৮১ রুপি।