বিধিনিষেধ মেনে মহারাষ্ট্রে ঈদ পালন হবে

লকডাউনে মুম্বাইয়ে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসের বাইরের সড়কগুলো শুনশান
ফাইল ছবি: রয়টার্স

করোনার মহামারিতে টালমাটাল ভারতের মহারাষ্ট্রে ঈদের নামাজ আদায় করতে হবে ঘরেই। কোনো মসজিদ বা খোলা স্থানে নামাজ পড়া যাবে না। ঈদের কেনাকাটায়ও পাঁচজনের বেশি একসঙ্গে ভিড় করতে পারবেন না।

মহারাষ্ট্র সরকার ঈদসংক্রান্ত কিছু নিয়ম জারি করেছে। সে অনুযায়ী অকারণে কেউ রাস্তায় ঘোরাফেরা করতে পারবে না। উৎসবের সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। আর অবশ্যই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

বোম্বে মিউনিসিপ্যাল করপোরেশনের নিয়ম অনুযায়ী হকাররা ঈদ উপলক্ষে অস্থায়ী জামাকাপড়, খাবার বা অন্য কোনো স্টল দিতে পারবেন না। নির্ধারিত সময়ের মধ্যে ঈদের কেনাকাটা সারতে হবে এবং কেনাকাটার সময় একসঙ্গে পাঁচজনের বেশি মানুষ জড়ো হতে পারবেন না।

গত বছরের মার্চে মুম্বাইয়ের ১৪ ঘণ্টার কারফিউ চলাকালে ফাঁকা বান্দ্রার রাস্তা

মহারাষ্ট্র সরকারের ‘ব্রেক দ্য চেন’ নীতিতে করোনার হার কিছুটা কমে এসেছে। গতকাল বুধবার মুম্বাইতে ২ হাজার ২১৬ জন নতুন শনাক্ত হয়েছেন। এ দিন ৬৬ জন করোনায় মারা গেছেন।

বোম্বে মিউনিসিপ্যাল করপোরেশন জানিয়েছে, সোম ও মঙ্গলবার নতুন আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজারের নিচে। করোনাকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ১ জুন সন্ধ্যা ৭টা পর্যন্ত লকডাউন বাড়িয়েছে মহারাষ্ট্র সরকার। অন্য কোনো রাজ্য থেকে কেউ এই রাজ্যে প্রবেশ করতে হলে আরটি-পিসিআর রিপোর্ট বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। এই রিপোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে হতে হবে।