জবাইয়ের উদ্দেশ্যে গবাদিপশু বিক্রি নিষিদ্ধ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, তার ওপর চার সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত।
তামিলনাড়ু রাজ্যের মাদ্রাজ হাইকোর্ট এ-সংক্রান্ত মামলার শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার সরকারি সিদ্ধান্তের ওপর এই স্থগিতাদেশ দেন।
গত সপ্তাহে গবাদিপশু কেনাবেচা ও জবাই করা নিষিদ্ধ বলে সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে। বেশ কিছু রাজ্য ও ব্যবসায়ী প্রতিষ্ঠান ওই নির্দেশের বিরুদ্ধে আপত্তি তুলেছিল। এরপর মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থে একটি মামলা হয়। সেখানে দাবি করা হয়, কেন্দ্রীয় সরকারের এ নির্দেশ অসাংবিধানিক। গতকাল শুনানি নিয়ে আদালত সরকারি ওই নির্দেশের ওপর চার সপ্তাহের স্থগিতাদেশ দেন।