পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপির জনসভায় অমিত শাহ। আজ সোমবার বীরভূমের খয়রাশোরে
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপির জনসভায় অমিত শাহ। আজ সোমবার বীরভূমের খয়রাশোরে

অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে তাড়িয়ে দেওয়া হবে: অমিত শাহ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে ‘অনুপ্রবেশকারী’দের খুঁজে বের করে তাড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নেতা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে এই রাজ্যে যারা সিন্ডিকেটবাজি করছে, তাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। অনুপ্রবেশকারীদের এই রাজ্য থেকে বেছে বেছে বের করে তাড়ানো হবে। এই অনুপ্রবেশকারীদের রক্ষা করছে তৃণমূল। বিজেপি সরকার গড়ার পর অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে তাড়িয়ে দেওয়া হবে।

আজ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে এসে বীরভূমের খয়রাশোরের এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

অমিত শাহ আরও বলেন, যারা বিজেপির নেতা–কর্মীদের ওপর অত্যাচার চালিয়েছে, ৫ মের পর তাদের প্রয়োজনে পাতাল থেকে হলেও বের করে এনে বিচার করা হবে। দিদি–ভাইপোর আশ্রিত গুন্ডাদের জেলে ভরা হবে।

অমিত শাহ আরও বলেন, বাংলার মুখ্যমন্ত্রী এই বাংলার ভূমিপুত্রদেরই করা হবে। তবে দিদি বা তাঁর ভাইপোকে নয়। যিনি বাংলায় কথা বলেন, যার বাংলায় জন্ম, যিনি বাংলায় লেখেন, পড়েন তাকেই এই বাংলার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী করা হবে। দিদি ভোটের রাজনীতি রক্ষা করতে গিয়ে অনুপ্রবেশকারীদের এই রাজ্যে আশ্রয় দিয়ে রক্ষা করছেন।

বাংলার ২৯৪ আসনের প্রার্থী আমি: মমতা

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের গলসিতে নির্বাচনী প্রচার চালিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘আমি আপনাদের পাশে থেকে ভোটযুদ্ধ করব। এ সময় আপনাদের আমার সহযোদ্ধা হতে হবে।’

মমতা এই জনসভায় আরও বলেন, এই বাংলায় এবার কোনো উজ্জ্বল প্রার্থী নয়, প্রার্থী আমি নিজে। ২৯৪ আসনের তৃণমূলের প্রার্থী আমি।

যদিও বাংলায় মোদি এসেও বলেছেন, তিনিও এই বাংলার ২৯৪ আসনের বিজেপির প্রার্থী।

এই ঘোষণার পরেই মমতা মোদিকে বলেন, ঠিক আছে। তাহলে আপনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিন। এরপরেই আপনি বলুন, আপনি এবার এই বাংলার মুখ্যমন্ত্রী হবেন। আমাকে এবার বাংলার মানুষ ২৯৪ আসনে ভোট দিন। তাই আপনি এবার বলে দিন, আপনি প্রধানমন্ত্রী হবেন না, বাংলার মুখ্যমন্ত্রী হবেন?

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার পূর্ব বর্ধমানে

ক্ষোভের সঙ্গে মমতা এ কথাও বলেন, ১২ বছর ধরে তোমরা আমাকে জ্বালাচ্ছ। আগে সিপিএম জ্বালাত, এরপর তোমরা? তোমরা বাংলার মানুষের অধিকার কেড়ে নিচ্ছ? জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছ বাংলাকে।

মমতা আরও বলেন, বিজেপির এখন ধর্ম বিষবৃক্ষ ধর্ম। মানুষের মাথায় বিষ ঢালা এদের ধর্ম। কিছু আরএসএসএর (রাষ্ট্রীয় সেবক সংঘ) নেতা আছে, যারা খেয়েদেয়ে হোদল কুতকুত হচ্ছে।

মমতা প্রশ্ন করেন, ‘উত্তর প্রদেশের মতো এখানে বুলডোজার চলবে—মানে কী? আমি বুলডোজার রাজনীতিতে বিশ্বাসী নই, আমি ভালোবাসার নীতিতে বিশ্বাসী। আপনারা বিজেপির কাছ থেকে টাকা নেবেন না। ভুলেও কখনো না। আমার দায়িত্ব এ বিষয়ে আপনাদের সাবধান করা। ওরা আপনার নামে অ্যাকাউন্ট বানিয়ে সেই অ্যাকাউন্টে কালোটাকা ঢুকিয়ে দিয়ে বিপদে ফেলবে। সাবধান থাকবেন।’

আজ মমতা বন্দ্যোপাধ্যায় কাঁকসা ও দুর্গাপুরের জনসভায় যোগ দিয়েও ভাষণ দেন।