ভারতে রহস্যময় গ্যাস

ভয়াবহ, ভোলার মতো নয়: ঘটনাস্থলে প্রথম যাওয়া পুলিশ কর্মকর্তা

লুধিয়ানার গিয়াসপুরায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার পর উদ্ধারকাজে নামেন ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা
ছবি: এএনআই

সেদিনের কথা ভুলতে পারছেন না পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাবান কুমার। ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা শহরে টহল দিচ্ছিলেন তিনি। হঠাৎ কন্ট্রোল রুম থেকে ফোন এল, গিয়াসপুরা এলাকায় কিছু একটা ঘটেছে। সঙ্গে সঙ্গে দুই সহকর্মীকে নিয়ে রওনা দিলেন এসআই শাবান।

গিয়াসপুরা এলাকায় গিয়ে হতবাক হয়ে পড়েন শাবান কুমার। দেখতে পান, বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে রাস্তায় পড়ে আছে লোকজন। তাঁদের অনেকের শরীরে প্রাণের আভাস নেই। অনেকের কণ্ঠে বেঁচে থাকার আকুতি। এএসআই শাবানের ভাষায়, সেদিনের এ চিত্র ছিল ভয়াবহ। কখনোই ভোলার মতো নয়।

গিয়াসপুরার এ ঘটনা ঘটে গত রোববার সকালে। সেদিনের স্মৃতি এখনো তাড়িয়ে বেড়াচ্ছে শাবানকে। তিনি বলেন, ‘ওই এলাকার কাছে গেলে এখনো আমার শরীর কেঁপে ওঠে। রাস্তার ওপর লোকজন পড়ে আছে, এমন চিত্র চোখের সামনে ভাসতে থাকে। আমার শরীর অসাড় হয়ে আসে।’

রোববারের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হন চারজন। অনেকেই বিষাক্ত গ্যাসে পুরো পরিবার হারিয়েছেন। তবে ওই গ্যাস কী ছিল, কীভাবে তা ছড়িয়েছে, তা বের করতে তদন্ত চলছে। গিয়াসপুরার বাতাসে উচ্চমাত্রায় বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি পাওয়া গেছে।

সেদিনের ঘটনা তুলে ধরতে গিয়ে শাবান কুমার বলেন, খবর পেয়ে তিনি গিয়াসপুরার একটি দুধের দোকানের বিপরীত পাশে গাড়ি থামান। এরপর রাস্তায় পড়ে থাকা লোকজনের দিকে এগিয়ে যান। দেখতে পান, সেখানে একটি বিড়ালও পড়ে আছে। সেটি ওই দুধের দোকানের দিকে যাচ্ছিল।

এ সময় একটি কিশোরীকে দেখতে পান শাবান কুমার। নাম নন্দিনী। পাশেই রাস্তায় পড়ে ছিলেন তার মা-বাবা। চিৎকার করে কেঁদে তাঁদের জন্য সাহায্য চাইছিল সে। শাবান বলেন, ‘এটা দেখে আমার হৃদয় কেঁপে উঠল। আমি তাঁদের নাড়ি পরীক্ষা করে দেখলাম। তবে ততক্ষণে তাঁরা মারা গেছেন।’

এরপর সেখান থেকে এলাকার আরতি ক্লিনিকে যান শাবান। দেখতে পান ক্লিনিকের চিকিৎসকের পরিবার একটি দোকানের ভেতরে অচেতন হয়ে পড়ে আছে। তিনি ক্লিনিকের দরজা ভেঙে ফেলার চেষ্টা করেন। এরপরও সেটি খুলতে পারেননি।

কিছুক্ষণ বাদে এসআই শাবানের ওপরেও গ্যাসের প্রভাব পড়তে শুরু করে। তিনি বলেন, ‘আমি মাটিতে পড়ে গেলাম। কয়েকজন পুলিশ সদস্য ও আশপাশের লোকজন আমাকে একটি হাসপাতালে নিয়ে গেল। সেখানে আমার মাথায় ঠান্ডা পানি ঢালার পর কিছুটা সুস্থ হলাম।’