
মোদি পদবি মানহানি মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদি পদবিধারীদের অসম্মান করার অভিযোগের বিচার করে গুজরাটের সুরাট জেলার ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে যে সাজা দিয়েছিলেন, রাহুল তা স্থগিতের আবেদন জানিয়েছেন। সাজা স্থগিত রাখা না হলে রাহুল তাঁর লোকসভার সদস্যপদ ফেরত পাবেন না।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় কর্ণাটকের কোল্লার জেলায় এক নির্বাচনী সমাবেশে পলাতক ব্যবসায়ী নীরব মোদি, ললিত মোদিদের নাম উল্লেখ করে রাহুল জানতে চেয়েছিলেন, কেন সব চোরের পদবি মোদি।
রাহুলের ওই বক্তব্যের বিরুদ্ধে গুজরাটের সুরাট জেলার এক বিজেপি নেতা পূর্ণেশ মোদি সুরাট ম্যাজিস্ট্রেট আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন। গত ২৩ মার্চ বিচারক এইচ এইচ ভার্মা সেই মামলায় রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেন।
সেই রায়ের ভিত্তিতে ২৪ মার্চ ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতীয় সংবিধান ও জনপ্রতিনিধিত্বমূলক আইনের ধারা অনুযায়ী রাহুলের সংসদ সদস্যের পদ খারিজ করে দেন। পরে তাঁর সরকারি বাসভবনও কেড়ে নেওয়া হয়।
রাহুল ওই সাজা স্থগিতের আবেদন জানান সুরাটের দায়রা আদালতে। কিন্তু গত ২০ এপ্রিল অতিরিক্ত দায়রা বিচারক আর পি মোগেরা সেই আবেদন খারিজ করে সাজা বহাল রাখেন। প্রত্যাখাত রাহুল এরপর হাইকোর্টে যান। গুজরাট হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছকও গত ৭ জুলাই রাহুলের আবেদন খারিজ করে দেন।
রায় ঘোষণার সময় রাহুলকে বিচারক ‘অভ্যাসগত অপরাধী’ বলেও মন্তব্য করেছিলেন। বলেছিলেন, রাজনীতিতে পবিত্রতা আসা প্রয়োজন। বিচারপতি এই মন্তব্যও করেছিলেন, অন্যান্য আদালতে রাহুলের বিরুদ্ধে আরও আট–দশটি মানহানির মামলা রয়েছে।
রাহুল গুজরাট হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল জানাতে পারতেন; কিন্তু তা না করে আজ শনিবার তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
মানহানি–সংক্রান্ত ফৌজদারি মামলায় দুই বছরের সাজা সর্বোচ্চ। যেকোনো ফৌজদারি মামলায় দুই বছরের সাজা হলে কোনো ব্যক্তির লোকসভা, রাজ্যসভা, বিধানসভা ও বিধান পরিষদের সদস্যপদ খারিজ হয়ে যায়।
সংশ্লিষ্ট ব্যক্তির যত বছরের সাজা হবে তার সঙ্গে আরও ছয় বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। অর্থাৎ, সুপ্রিম কোর্ট সাজা বহাল রাখলে রাহুল আট বছর নির্বাচনে দাঁড়াতে পারবেন না।