ভারতে দেশদ্রোহ আইন বহাল রাখার সুপারিশ আইন কমিশনের

আইন কমিশনের চেয়ারম্যান কর্ণাটক হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি এবং সদস্য সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচিত। ২ জুন তোলা
ছবি: এএনআই

ভারতের আইন কমিশন চায়, শতাব্দীপ্রাচীন দেশদ্রোহ আইন বহাল থাকুক। একই সঙ্গে কমিশন এই আইনে সাজার সর্বোচ্চ মেয়াদ সাত বছর পর্যন্ত বাড়িয়ে দেওয়ার সুপারিশ করেছে। বর্তমান আইনে সাজা যাবজ্জীবন অথবা তিন বছরের সশ্রম কারাদণ্ড। কমিশনের প্রস্তাব তিন বছরের সাজার মেয়াদ সাত বছর করা উচিত।

আইন কমিশনের ২৭৯তম প্রতিবেদনে এই সুপারিশের সঙ্গে বলা হয়েছে, ব্রিটিশ সরকারের তৈরি বলেই দেশদ্রোহ আইন বাতিল করা অযৌক্তিক। এই আইন অবশ্যই থাকা উচিত, তবে সুপ্রিম কোর্টের ভাবনা অনুযায়ী আইনে বেশ কিছু সংশোধন আনা প্রয়োজন। তা ছাড়া কোন কোন ক্ষেত্রে এই আইন কার্যকর করা যায়, তার স্পষ্ট উল্লেখ থাকা উচিত। কমিশন মনে করে, দেশের অখণ্ডতা, একতা ও সংহতির স্বার্থে এবং মৌলবাদের মোকাবিলায় এই আইন বহাল থাকা জরুরি।

কেন্দ্রে বিজেপির সরকার কায়েম হওয়ার পর দেশদ্রোহ আইনে গ্রেপ্তার ও মামলার বহর বহুগুণ বেড়ে গেছে। গত বছরের মে মাসে সুপ্রিম কোর্ট এই আইন নিয়ে গুরুতর প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারকে বলেছিলেন, ১৮৬০ সালে তৈরি এই আইন অবিলম্বে পর্যালোচনা করা হোক। সেই নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় আইন মন্ত্রণালয় আইন কমিশনের পরামর্শ চায়।

আইন কমিশনের অভিমত পাওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়ে দেন, এই সুপারিশ একান্তই তাদের নিজস্ব। সুপারিশ মানা সরকারের পক্ষে বাধ্যতামূলক নয়। সরকার সবার মত গ্রহণ করছে। সবার সঙ্গে আলোচনার পরই কেন্দ্রীয় সরকার চূড়ান্ত মতামত জানাবে এবং তা হবে জনস্বার্থে, সবদিক বিবেচনা করে।

আইন কমিশনের সুপারিশ জানার সঙ্গে সঙ্গেই বিরোধীরা সরব হয়ে উঠেছেন। কংগ্রেস মুখপাত্র অভিষেক সিংভি বলেন, এই সুপারিশ বুঝিয়ে দিচ্ছে, সরকারপন্থীদের মনোভাব কী। সুপ্রিম কোর্ট চাইলেও বিজেপি সরকার কোনোভাবে এই কালা আইন রদ করতে চায় না। আইন কমিশনের সুপারিশই তার প্রমাণ।

কংগ্রেসের অভিযোগ, কমিশনের সুপারিশের ফলে সমস্যা বেড়েই যাবে। প্রতিবাদ আন্দোলন দমনের নামে বিজেপি সরকার এই আইন ব্যবহার করবে। পাকিস্তানের মতো দেশেও লাহোর হাইকোর্ট এই আইন ‘অসাংবিধানিক’ বলে রায় দিয়েছেন। সেখানে তা বাতিল হতে চলেছে। অথচ ভারতে বিজেপি সরকার গড়িমসি করছে।

মোদি সরকারের আমলে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সারা দেশে ৩৫৬টি রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এসব মামলায় গ্রেপ্তার হন ৫৪৮ জন। এ পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছেন মাত্র ১২ জন।

আইন কমিশনের চেয়ারম্যান কর্ণাটক হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি। ২০২২ সালের ২ জুলাই তিনি অবসরে যান। কিন্তু তার আগে ১৫ মার্চ তাঁর নেতৃত্বাধীন বেঞ্চ হিজাব মামলায় রাজ্য সরকারের পক্ষে রায় দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে মুসলমান ছাত্রীরা সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির একজন হিজাবের পক্ষে অন্যজন বিপক্ষে রায় দেওয়ায় মামলাটি বৃহত্তর বেঞ্চে যায়। সেই রায় এখনো আসেনি। প্রধান বিচারপতি হিসেবে জুলাইয়ে অবসর নেওয়ার পর সাবেক বিচারপতি ঋতুরাজ অবস্থি ওই বছরের নভেম্বরে আইন কমিশনের চেয়ারম্যান হন। পদটি ২০১৮ সাল থেকে খালি ছিল।

সাবেক বিচারপতি ঋতুরাজ অবস্থির মতো আইন কমিশনের সদস্য সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইও রাজনৈতিক মহলে বহু আলোচিত। এই সাবেক বিচারপতিকে কেন্দ্রীয় সরকার ২০২০ সালের ১৩ মার্চ ‘ডিলিমিটেশন কমিশন অব ইন্ডিয়া’র চেয়ারপারসন নিয়োগ করেছিল। তাঁর ওপরই ভার দেওয়া হয়েছিল জম্মু-কাশ্মীরের বিধানসভা ও লোকসভা আসনের সীমান্ত পুনর্বিন্যাসের সঙ্গে আসনসংখ্যা নির্ধারণের। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত ঘিরে কাশ্মীরে তীব্র আপত্তি ওঠে। উপত্যকার রাজনৈতিক দলগুলো এর বিরোধিতা করে। অনেক দলই কমিশনের ডাকে সাড়া দেয়নি।

রঞ্জনা প্রকাশ দেশাই সব আপত্তি উপেক্ষা করে সীমান্ত পুনর্বিন্যাসের কাজ শেষ করেন। জম্মু ও কাশ্মীর উপত্যকার মধ্যে আসনসংখ্যার তারতম্য ঘটে যায়। আগে এই দুই অঞ্চলের মোট আসন ছিল ৮৩। কাশ্মীর উপত্যকায় ৪৬ ও জম্মুতে ৩৭ আসন। বিধানসভার সীমান্ত পুনর্বিন্যাসের পর ৭টি আসন বেড়েছে। কাশ্মীর উপত্যকায় ১টি, জম্মুতে ৬টি। মোট ৯০ আসনের মধ্যে উপত্যকায় থাকছে ৪৭, জম্মুতে ৪৩। অভিযোগ, সীমানা এমনভাবে ঠিক হয়েছে, যাতে জম্মুর মুসলমানপ্রধান অঞ্চলের জনবিন্যাসে হিন্দু সম্প্রদায়ের প্রাধান্য থাকে। বিজেপি এটা করেছে হিন্দু নির্ভরতা বাড়িয়ে রাজ্য দখলের জন্য।

ডিলিমিটেশন কমিশনের চেয়ারপারসন ও আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর কেন্দ্রীয় সরকার এই সাবেক বিচারপতিকে ২০২২ সালের ১৭ জুন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারপারসন নিযুক্ত করে।